দুলতে দুলতে ডুবে গেল ট্রলার, দুই লাশ উদ্ধার
প্রায় ২০০ যাত্রী নিয়ে এফবি খাদিজা নামের ট্রলারটি পায়রা নদীর মোহনার আশারচরের কাছে পৌঁছতেই তিন নদীর ঘূর্ণিস্রোতে প্রবলভাবে দুলতে থাকে। এভাবে কয়েক মিনিট দোলার পর স্রোত সেটিকে টেনে নিচে নিয়ে যায়। এরপর দুই-তিন মিনিট পানির নিচে থাকার পর উল্টো হয়ে সেটি ভেসে ওঠে।
আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আশারচরের কাছে ট্রলারডুবির ঘটনা এভাবেই বর্ণনা করছিলেন ওই ট্রলারের যাত্রী নূর মোহাম্মদ মোস্তফা।
ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চলাভাঙ্গা পীরের ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশে যাওয়ার পথে ডুবে যায়।
ঘটনাস্থলে উপস্থিত তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল আহমেদ জানান, কাঠের ট্রলারটি উল্টো হয়ে পানিতে ভেসে আছে। স্থানীয়রা সেটির সঙ্গে দড়ি লাগিয়ে টেনে কূলের দিকে নিয়ে আসছেন। ট্রলারডুবির পর স্থানীয় লোকজন জয়নাল (৬০) ও সিরাজুল (৫০) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছেন। তাঁদের বাড়ি পটুয়াখালীর কুয়াকাটায়।
কাজী তোফায়েল আহমেদ জানান, ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে দুই শর মতো যাত্রী থাকলেও অনেককে ওই এলাকার মাছ ধরার নৌকা ও ট্রলারে করে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পাথরঘাটা থেকে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে আসছে। তাঁর দাবি, ছয়-সাত ব্যক্তি নিখোঁজ থাকতে পারেন।
তবে ট্রলারটি ডুবে যাওয়ার পর ঠিক কতজন সাঁতরে তীরে উঠেছেন প্রাথমিকভাবে তিনি তা নিশ্চিত করতে পারেননি।
এর আগে ঘটনাস্থলে উপস্থিত উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল ফরাজীর দাবি করেন, পায়রা নদীর মোহনার ডুবোচরে ধাক্কা লেগে কাঠের ট্রলারটির তলা ফেটে যায়। এতে ট্রলারে পানি ওঠায় এটি উল্টে যায়।