দুলতে দুলতে সেতু পার

দীর্ঘদিন সংস্কার না করায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রেলসেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর ওপর উঠলেই এটি প্রচণ্ডভাবে দুলতে থাকে। এর কাঠের পাটাতনের ভাঙা অংশে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবু প্রতিদিন ৩০০ শিক্ষার্থীসহ কমপক্ষে পাঁচ হাজার লোক জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে।
রেল বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জানায়, সিরাজগঞ্জ পৌর শহরের মধ্য দিয়ে বাহিরগোলা হয়ে যমুনা নদী পর্যন্ত রেললাইন ছিল। ট্রেন চলাচলের জন্য ব্রিটিশ আমলে কাটাখালী নদীর ওপর সেতু নির্মাণ করা হয়। বাহিরগোলা রেলস্টেশনটি বন্ধ হওয়ায় ৩০-৩৫ বছর আগে ওই সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টিলের পাটাতনগুলো নষ্ট হওয়ায় পৌরসভার পক্ষ থেকে কাঠের পাটাতন বসানো হয়। সেতুর দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার ও প্রস্থ তিন মিটার।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সেতুর ওপর দিয়ে লোকজন চলাচল করছে। সেতুর কাঠের পাটাতনের বিভিন্ন স্থান ভেঙে গেছে। ধসে পড়েছে কংক্রিটের একটি পিলার। লোকজন উঠলেই সেতুটি দুলতে শুরু করে।
পৌরসভার জানপুর এলাকার বাসিন্দা আবদুল হাই জানান, সেতুর ওপর দিয়ে খোকসা, ভাইপিয়ারি ও কাউয়াখোলা ইউনিয়নের খোকসাবাড়ী, গুণেরগাতি, শৌলাবাড়ী, দৌলতপুর, জিয়ার মোড়সহ ৩০-৩৫টি গ্রামের চার-পাঁচ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এদের মধ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ সেতু পার হতে গিয়ে পড়ে প্রতি মাসে কেউ না কেউ আহত হচ্ছে।
নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের মো. হেলাল জানান, এলজিইডির প্রকৌশলীরা এসে এখানে পাকা সেতু করতে বেশ কয়েকবার মাপজোখ করে গেছেন। কিন্তু আজও পাকা সেতু নির্মাণ করা হয়নি।
সিরাজগঞ্জ পৌরসভার মেয়র মোকাদ্দেস আলী বলেন, সেতুটি পুনর্নির্মাণ করতে এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বরাবর ২১ এপ্রিল আবেদন করা হয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘সেতুটি পৌর এলাকায়। সেখানে আমাদের কাজের সুযোগ নেই। পৌর কর্তৃপক্ষের আবেদন পাওয়া গেছে। বিষয়টি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে কাজ করা হবে।’