দুলাভাইসহ চারজনকে ছুরিকাঘাত
বোনের ওপর নির্যাতন করার অভিযোগে নাটোর সদর উপজেলার বাঁশিলা গ্রামের রফিকুল ইসলাম (২০) গতকাল রোববার সকালে দুলাভাইসহ চারজনকে ছুরিকাঘাতে আহত করেছেন। গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশে দিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সদর উপজেলার বাঁশিলা গ্রামের আজগর আলীর মেয়ে কুলসুম খাতুনের (২০) একই গ্রামের আবদুল করিমের ছেলে রাজু আহমেদের সঙ্গে বিয়ে হয়। এবার ঈদে কুলসুম বাবার বাড়ি বেড়াতে এসে ফিরে না যাওয়ায় গতকাল রোববার তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ তাঁকে নিতে আসেন।কিন্তু শ্বশুরবাড়িতে বোনকে নির্যাতন করা হয়—এমন অভিযোগ এনে কুলসুমের ভাই রফিকুল ইসলাম নিজ বাড়ির দুটি আলাদা ঘরে আটকে তাঁদের ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন—তাঁর বোনের শ্বশুর আবদুল করিম, শাশুড়ি লাইলী বেগম, ননদ সীমা খাতুন ও স্বামী রাজু আহমেদ। নলডাঙ্গা থানার ওসি নূর মোহাম্মদ খান বলেন, এ ব্যাপারে আবদুল করিম বাদী হয়ে মামলা করেছেন।