দুলাভাইসহ দুই জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান ওরফে অলি হত্যা মামলার রায়ে তার দুলাভাইসহ দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী গতকাল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দুর্গাপুর উপজেলার সুকানদীঘি গ্রামের সাহেব আলী (৪২) ও মোহনপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামের মুকুল (৩০)। এ ছাড়া রায়ে অপর আসামি মোহনপুরের বজরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে রাসেলকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৬ এপ্রিল সাহেব আলী তাঁর শ্যালক মাহফুজুর রহমানকে অপহরণ করে শ্বশুরের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন রাতে বেড়াবাড়ী গ্রামের ভুট্টাখেত থেকে মাহফুজুর রহমানের লাশ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। এ ঘটনায় মাহফুজুর রহমানের বাবা আবদুর রব বাদী হয়ে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এ একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৯ জানুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ৩৫ জনের সাক্ষ্য শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গতকাল এ রায় দেন।