দুলাভাইয়ের হাতে শ্যালক খুনের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মো. রিফাত নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে তার দুলাভাই খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে। ঘটনার পর দুলাভাই ও তার বোন পলাতক। এ ঘটনায় নিহত ছাত্রের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাবেক সেনাসদস্য বাদশা মিয়ার ছেলে ও নারায়ণগঞ্জ কলেজের ২০১১ সালের এইচএসসি পরীক্ষার্থী মো. রিফাত চার দিন আগে একই গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বোনের জামাই হাফিজুল ইসলাম ও তার বোন মিলে তাঁদের কক্ষে রিফাতকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তাঁরা দরজায় তালা দিয়ে পালিয়ে যান। গত রোববার সকালে লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন হাফিজুলের ঘরের জানালা ভেঙে রিফাতের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাদশা মিয়া জানান, সম্প্রতি তাঁর মেয়ের জামাই হাফিজুল ব্যবসার জন্য সম্পত্তি ভাগবাটোয়ারা করে মেয়ের সম্পত্তির ভাগের ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন।