প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলার অন্যতম আসামি দুলাল হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহজাদপুরের আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসিবুল হক গতকাল বুধবার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
দুলালের বাড়ি শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামে। তিনি মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হকের সহযোগী। ৩ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। গতকাল এই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ধার্য ছিল।
শাহজাদপুরে গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন দৈনিক সমকাল-এর স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।