বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সাক্ষাৎ
দুশ্চরিত্র শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দুশ্চরিত্র শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এইউবি) একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নৈতিকতা নিয়ে ইদানীং প্রশ্ন উঠছে। তাঁদের নৈতিক অধঃপতন নিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হচ্ছে। জাতির জন্য এটা খুবই লজ্জার ও দুঃখজনক।শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ সময় উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য অপতৎরতা চলছে উল্লেখ করে সহিষ্ণুতা ও বিচক্ষণতার সঙ্গে ছাত্র বিক্ষোভ মোকাবিলার জন্য উপাচার্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি পাঁচটি বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান, বাড়তি পাঠ্যক্রম যুক্তকরণ, গবেষণাকর্ম বৃদ্ধি এবং শূন্য পদগুলো পূরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমে আরও গতিশীলতা আনতে হবে।রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি, গবেষণাকর্ম হ্রাস পাওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাংকিংয়ে পিছিয়ে পড়ছে।’ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন শূন্য পদ পূরণের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা লাভের পর যেসব শিক্ষক এখনো দেশে ফিরে আসেননি, প্রয়োজনে তাঁদের বিপরীতে বিকল্প শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে।