
ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার অংশে বেশ কিছু স্থানে এবড়োখেবড়ো ও উঁচু ঢিবি তৈরি হয়েছে। এ ছাড়া কয়েকটি স্থানের ইট ও কার্পেটিং উঠে গিয়ে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে এবং কয়েকটি স্থান দেবে গেছে। এতে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, বগুড়া সওজ ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের চান্দাইকোনার পর থেকে গাইবান্ধার রহবল পর্যন্ত ৬৫ কিলোমিটার অংশ দেখভাল করে।
গতকাল বুধবার ও গত সোমবার সরেজমিনে দেখা গেছে, এই মহাসড়কের শেরপুর উপজেলার সি ব্লক, বি ব্লক, আড়িয়াবাজার, দশমাইল, নয়মাইল, মাঝিড়া, সাজাপুর, ফটকি ব্রিজ ও ফুলতলা এলাকার ২৫-৩০টি স্থানে উঁচু ঢিবি তৈরি হয়েছে। আবার চার-পাঁচ জায়গায় কার্পেটিং ফেটে গেছে।
অন্যদিকে চারমাথা থেকে গোকুল, মহাস্থান, চকিরহাট, মোকামতলা, পাকুরতলা ও রহবল এলাকার সাত-আটটি স্থানে কার্পেটিং উঠে গেছে এবং তিন-চারটি ছোট গর্ত তৈরি হয়েছে।
চারজন চালক-সহকারী জানান, এই মহাসড়কে প্রতিদিন গড়ে আট হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কের উঁচু ঢিবি ও গর্তের কারণে ঝুঁকির মধ্যে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল করছে। সাত-আটজন স্থানীয় বাসিন্দা জানান, প্রতি অর্থবছরেই এই মহাসড়ক সংস্কারে মোটা অঙ্কের অর্থ ব্যয় করা হয়। বিশেষ করে অর্থবছরের শেষে সড়ক সংস্কারে তোড়জোড় শুরু হয়। কিন্তু বর্ষা আসতে না-আসতেই মহাসড়কের চিত্র বেহাল হয়। ফলে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের। এবারের ঈদেও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে ভাঙাচোরা ও উঁচু-নিচু অংশে দুর্ভোগ বাড়তে পারে।
রংপুরগামী দূরপাল্লার বাসের চালক ফকির মোহাম্মদ বলেন, চান্দাইকোনা থেকে রহবল পর্যন্ত মহাসড়কে উঁচু ডিবি, নিচু গর্ত আর খানাখন্দ তৈরি হয়েছে। ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলেই এই মহাসড়কের চিত্র আরও বেহাল হওয়ার আশঙ্কা রয়েছে।
বুড়িমারী থেকে সিরাজগঞ্জগামী পাথরবাহী ট্রাকের চালক কুদ্দুস ব্যাপারী বলেন, এই মহাসড়ক প্রায়ই সংস্কার হয়, কিন্তু অল্প দিনেই কার্পেটিং উঠে যায়।
রংপুর থেকে ঢাকাগামী এস আর ট্রাভেলসের যাত্রী সৌরভ মাহমুদ বলেন, গোবিন্দগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত কয়েকটি অংশে গর্ত আর মাঝিড়া থেকে চান্দাইকোনা অংশে মহাসড়কে উঁচু ঢিবির কারণে বাসের সিটে ঠিকমতো বসে থাকা যায় না। উঁচু-নিচু থ্যাকনায় জীবন বের হওয়ার জোগাড়।
বগুড়ার সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার ৬৫ কিলোমিটার অংশের পুরোটা সর্বশেষ ২০১৩-১৪ অর্থবছরে সংস্কার করা হয়। ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সড়কটির বেশি খারাপ পাঁচ কিলোমিটার অংশ সংস্কার করা হয়। এখন সেই অর্থে এই মহাসড়কের কোথাও তেমন খারাপ নেই। বৃষ্টির কারণে দু-একটি স্থানে উঁচু ঢিবি এবং গর্ত তৈরি হলেও ঈদের আগেই তা সওজের নিজস্ব উদ্যোগে মেরামত করে দেওয়া হবে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ঈদে মহাসড়কে যানবাহনের চাপ থাকবে। এ জন্য মহাসড়কের কোনো অংশ খারাপ হলে তাৎক্ষণিকভাবে মেরামতের প্রস্তুতি আছে।
বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই পরিবহন মালিকদের পক্ষ থেকে ঢাকা-রংপুর মহাসড়ক আধুনিকায়নসহ চার লেন করার দাবি জানানো হচ্ছে। কিন্তু তাতে কেউ সাড়া দিচ্ছে না। অথচ বছর বছর এই মহাসড়ক সংস্কারে সরকারের যেমন অর্থ অপচয় হচ্ছে, তেমনি পরিবহনমালিকদের কয়েক মাস পরপর বাস-ট্রাকের টায়ার বদলাতে হচ্ছে। গাড়ির ইঞ্জিন টিকছে না। মহাসড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনাও লেগেই আছে।