ভবিষ্যতের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা কেটে গেল তাদের। অদম্য মেধাবী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আলী হাসান ও মাগুরার মহম্মদপুর উপজেলার তাসলিমা খাতুনের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেক হৃদয়বান মানুষও।
শাহজাদপুরের কৈজুরী গ্রামের ভূমিহীন রশিদ শেখের ছেলে আলী হাসানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরিবারটিকে একখণ্ড জমি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ এ ঘোষণা দেন।
আলী হাসান ভ্যানগাড়ি চালিয়ে লেখাপড়ার খরচ জুগিয়ে এ বছর স্থানীয় ঠুটিয়া হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
যমুনা নদীতে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে পরিবারটি। এ নিয়ে একটি প্রতিবেদন ৭ জুন প্রথম আলোয় ছাপা হয়। প্রতিবেদনটি জেলা প্রশাসকের নজরে এলে তিনি ইউএনওকে সরেজমিনে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। সোমবার ইউএনও এসে খোঁজখবর নেন। এরপর তিনি সেখানে থেকেই জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে লেখাপড়ার খরচ চালানোসহ বাড়ি নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
ইউএনও শামীম আহমেদ বলেন, আলী হাসানের লেখাপড়ার সব খরচ প্রয়োজনে উচ্চশিক্ষার জন্যও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। বাড়ি নির্মাণের জন্য ইতিমধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প দিনের মধ্যে জায়গা বুঝিয়ে দেওয়া হবে। তা ছাড়া তাৎক্ষণিকভাবে কিছু টাকা আলী হাসানের মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
আর চিন্তা নেই তাসলিমার: ‘উড়োজাহাজ চালানোর স্বপ্ন তাসলিমার’—অদম্য মেধাবীদের নিয়ে ৮ জুন প্রথম আলোয় ছাপা সংবাদটি পড়ে অদম্য মেধাবী তাসলিমার পাশে দাঁড়িয়েছে মাগুরা জেলা প্রশাসন।
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে তাসলিমা। তার বাবা শামসেল মোল্লা ভূমিহীন। পেশায় ভ্যানচালক। মা রমেসা খাতুন বাড়িতে বাড়িতে কাজ করেন।
জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান সরকারি তহবিল থেকে তাসলিমাকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। গতকাল দুপুরে ইউএনও কামরুল হাসান তাঁর কার্যালয়ে অনুদানের চেক তাসলিমার হাতে তুলে দেন।
এর আগে উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (বর্তমানে খুলনার ডুমুরিয়া উপজেলায় কর্মরত) মো. সামছুদ্দৌজার পাঠানো পাঁচ হাজার টাকা ও স্থানীয় জোকা গ্রামের মো. শরিফুল ইসলামের দেওয়া তিন হাজার টাকা তাসলিমার হাতে তুলে দেওয়া হয়।
প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাসলিমা বলেছে, ‘ভবিষ্যতের পড়ালেখা নিয়ে অন্ধকার দেখছিলাম। এখন সামনে শুধুই আলো দেখছি। পড়ালেখা নিয়ে আর কোনো চিন্তা নেই। এ আনন্দের কথা আমি কাউকে বলে বোঝাতে পারব না।’
তাসলিমা জানায়, দেশ-বিদেশের অনেকে সহযোগিতার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছে।