
ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল জামাল উদ্দিনের। তবে দারিদ্র্য কখনোই পিছু ছাড়েনি তাঁর। বহু কষ্টে টাকা জোগাড় করে এসএসসি ও এইচএসসি দিয়েছেন। ফলাফল দুই পরীক্ষাতেই জিপিএ-৫। এখন সুযোগ পেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার। কিন্তু মেডিকেলে পড়ার খরচ তো অনেক। জামাল উদ্দিন কি হার মানবেন?
জামাল উদ্দিনদের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। বাবা ফজলে হক দিনমজুরি করেন। জামালেরা চার বোন, এক ভাই। বড় তিন বোনের বিয়ে হয়েছে। ছোট বোন ঢাকার একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন।
সরেজমিনে দেখা গেছে, নীলফামারী শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে এবং দিনাজপুর শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে জামালদের বাড়ি। ৪ শতাংশ জমির ওপর পাটখড়ির বেড়া দেওয়া দুটি চালাঘর। একটিকে দুই ভাগ করে রান্নাঘর করা হয়েছে। বাড়িতে বিদ্যুৎ নেই। কেরোসিনের অভাবে বেশির ভাগ সময় কুপিও জ্বলে না।
জামাল উদ্দিন বলেন, ‘অনেক কষ্টে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু আমার দিনমজুর বাবার পক্ষে ভর্তির টাকা জোগাড় করা অসম্ভব। খুবই দুশ্চিন্তায় আছি।’
ফজলে হক (৬৫) বলেন, ‘ছেলের এসএসসি পরীক্ষার সময় মাইনসের কাছোত পাঁচ টাকা দশ টাকা করি সাত শ টাকা তুইলছি। স্কুলোত চায় এক হাজার ৭০০ টাকা। মাস্টারের হাত-পাও ধরি সাত শ টাকা দিয়া ফরম ফিলাপ করাইছি। কিন্তু এলা বলে অনেক টাকা লাইগবে। এত টাকা কেমন করি জোগাড় হইবে? ছেলেক কইছি দরকার হইলে বাড়ির ভিটাটাও বেচে দে, তাও তোক ডাক্তার হবার নাইগবে।’
জামাল উদ্দিন জানান, তিনি পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে এবং অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পান। তবে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় পঞ্চম হয়ে সেবার অর্থাভাবে ভর্তি হতে পারেননি।