দুশ্চিন্তা যেখানে 'নদীভাঙন'

প্রায় আধা কিলোমিটার দূর থেকেই পাওয়া যায় ঢেউয়ের শব্দ। সাগর থেকে আসা ঢেউগুলো যেন সর্বশক্তি নিয়ে আছড়ে পড়ছে তীরের ওপর। সঙ্গে সঙ্গে ধসে পড়ছে বড় বড় মাটির অংশ। এভাবেই দিনের পর দিন চর আন্ডা নদের গর্ভে বিলীন হয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ অংশ।
পুরাতন উপকূল রক্ষাকারী বাঁধটি (ওয়াপদা) ভেঙে গেছে প্রায় বছর সাতেক আগে। এরপর নতুন করে একটি বাঁধ দেওয়া হয়। কিন্তু নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নতুন ওয়াপদা বাঁধটি ভেঙে যাচ্ছে। আর মাত্র দু-তিন ফুট ভাঙলেই লোকালয়ে ঢুকে পড়বে জোয়ারের পানি।
এ ব্যাপারে পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে বলেন, ‘আমি চরমোন্তাজের চেয়ারম্যানের কাছ থেকে এ ব্যাপারে শুনে ইতিমধ্যে কলাপাড়া উপজেলার পানি উন্নয়ন কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

চরমোন্তাজ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বউবাজার, আট নম্বর ওয়ার্ডের শিকদার বাজার ও নয়ারচরের মিটার এলাকার পশ্চিম পাশের ওয়াপদার অবস্থা সবচেয়ে নাজুক। এর কোনো জায়গায় এক ফুটের কম জায়গা ভাঙা অবশিষ্ট আছে।
ওয়াপদা ভেঙে গেলে ক্ষতির আশঙ্কা প্রকাশ করে আট নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকার বাসিন্দা আলেফ শিকদার বলেন, ‘পানি বেশি হলে এক জোয়ারের পানিতে ওয়াপদা শ্যাষ (শেষ) হইয়া যাইবে। বাড়ি ঘর ডুইব্যা (ডুবে) যাইবে।’
নয়ারচর এলাকার আরেক বাসিন্দা মো. মনির হোসেন জানান, জোয়ারের পানিতে আট নম্বর ওয়ার্ডের অন্তত ৫০০ পরিবার পানিবন্দী হবে। কয়েক শ একর ফসলি জমির পাশাপাশি চিংড়ির ঘেরও ক্ষতিগ্রস্ত হবে।
নদীভাঙনের শিকার ও আট নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম খান বলেন, ‘আমরা চেয়ারম্যানকে বলেছি। পাঁচ-ছয় দিন আগে চেয়ারম্যান এসে দেখে গেছে। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এরপর আর কোনো খবর নেই।’ জোয়ারের পানি থেকে গ্রামটিকে রক্ষা করতে দ্রুত পাইলিং করা দরকার বলেও তিনি মনে করেন।
সাত নম্বর ওয়ার্ডের বউবাজারের ব্যবসায়ী সুমন চন্দ্র জানান, তিন বছর আগের এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদী ছিল। এখন দোকানের কাছে এসে ঠেকেছে। বাজারের শতাধিক দোকানের ভবিষ্যত্ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ঠিকমতো জোয়ার হইলে এই বাইশ্যায় (বর্ষা) সব নদীতে চইলা যাইবে। কেমনে কী করমু এই নিয়াই চিন্তায় আছি।’
চরমোন্তাজ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন মাতবর জানান, ওয়াপদা ভেঙে গেলে জোয়ারের পানিতে হিন্দুগ্রাম প্লাবিত হবে। পানিবন্দী হয়ে পড়তে পারে প্রায় চার শর মতো হিন্দু পরিবার। ডুবে যাবে প্রায় এক হাজার একরের বেশি ফসলি জমি।
নদীভাঙনের ব্যাপারে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তাঁরা অবহিত করেছে। তাঁর দাবি জেলা প্রশাসকের কাছে একটি রেজুলেশন দেওয়া হয়েছে। জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন।
নদীভাঙন বিষয়ে পদক্ষেপ বিষয়ে রাঙ্গাবালি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নুল আবেদিনের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে জানান, ওয়াপদার দ্রুত মেরামতের জন্য জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এর জন্য প্রয়োজনীয় চাল বরাদ্দ দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন প্রেরণ করেছেন।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সফিউদ্দিন জানান, তিনি কর্মকর্তাকে পাঠিয়ে প্রতিবেদন দিতে বলবেন। সেই প্রতিবেদন ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে।