দুশ্চিন্তাগ্রস্ত নয় ভারত
নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বাংলাদেশে হিংসার যে আগুন জ্বলছে, ভারত তাতে দুশ্চিন্তাগ্রস্ত নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করা হয়েছে।
নির্বাচন নিয়ে বাংলাদেশে চলমান সহিংসতায় ভারত কতটা চিন্তিত, ভারতের সুস্থিতি ও নিরাপত্তার ওপর ক্রমাগত এই হিংসা কী প্রতিক্রিয়া ফেলতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক রীতি মেনেই সে দেশের সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। ভারত সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।’
আকবরউদ্দিন আরও জানান, ‘নির্বাচন ঘিরে ওই দেশে সহিংসতা আগেও হয়েছে, এবারও হচ্ছে। তবে আমি মনে করি না, ভারতের সুস্থিতি ও নিরাপত্তার ক্ষেত্রে এ নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু আছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় দুশ্চিন্তার কথা উড়িয়ে দিলেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের এই হিংসাত্মক ঘটনাবলির ওপর তীক্ষ নজর রেখেছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের হিংসাত্মক ঘটনা সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের আতঙ্কগ্রস্ত করে তুললে তার প্রভাব ভারতের ওপর পড়বে বলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা।
মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানায়, ‘এখন পর্যন্ত হিংসাত্মক ঘটনা রাজনৈতিক পরিধিতেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে, রাজনৈতিক হিংসার সুযোগ নিয়ে দুষ্কৃতিরা সামাজিক সম্প্রীতিতেও আঘাত হানে। আর সে ক্ষেত্রে ভারতের ওপর তার প্রভাব পড়ে।’
মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর সরকারকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের দিক থেকে সজাগ থাকতে বলা হয়েছে। সজাগ করা হয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনীকেও। প্রধানত দুটি বিষয়ে এই সাবধানতা। অবাঞ্ছিত মানুষ যেন হুট করে সীমানা পেরিয়ে আসা-যাওয়া না করতে পারে এবং বিস্ফোরকসহ অবাঞ্ছিত পণ্যের আনাগোনা না হয়।