
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার ব্যবহারের অনুপযোগী। দুই পাশেই নালা, বৃষ্টিতে পানি উপচে পড়ে। সড়কও ভাঙাচোরা। ভোগরা বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত সড়ক চার লেন করার কাজ চলছে। কোথাও শেষ হয়েছে, কোথাও আধা কাজ করে রেখে দেওয়া হয়েছে। এই পথ তাই বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরবঙ্গের কিছু জেলার মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারে।
ঢাকা-সিলেট মহাসড়কে দুভাবে যাওয়া যায়। কাঁচপুর ও সুলতানা কামাল সেতু হয়ে যেতে গেলে সড়কের খানাখন্দ দুর্ভোগের কারণ হতে পারে। তবে মূল সমস্যা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নারায়ণগঞ্জের ভুলতায় গাউছিয়া বাজারে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন উড়ালসড়কের কাজ আগামী জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এর মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম।
রাজধানী ঢাকা এবং সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের মানুষ টঙ্গী হয়ে নরসিংদীর পাঁচদোনা দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠেন। কিন্তু টঙ্গী-পাঁচদোনা সড়কটি এখনো চলাচলের প্রায় অনুপযোগী। এর বাইরে ভৈরব দুর্জয় মোড়ে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও বিভিন্ন স্থানের খানাখন্দ ঈদযাত্রীর ভোগান্তির কারণ হতে পারে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হওয়ার পর সড়কে খানাখন্দ কম। কিন্তু মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় যানবাহনের ধীরগতি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
খুলনার পথে গাবতলীর যানজট ও পাটুরিয়া ঘাটে ফেরিসংকট ঠেলে নদী পার হওয়ার পর শুরু হয় আসল দুর্ভোগ। মহাসড়কের রাজবাড়ী অংশের পুরোটাতেই এখনো খানাখন্দ আছে। যশোর অংশের ৬৪ কিলোমিটার পুরোটাই যেন ছেঁড়া কাঁথা। মাওয়া হয়ে দক্ষিণবঙ্গের পথে যাত্রাবাড়ী মোড় ও বাবুবাজার সেতুতে অব্যবস্থাপনা সমস্যা সৃষ্টি করতে পারে। এরপর ঘাটের ঝক্কি তো আছেই। পদ্মা পাড়ি দেওয়ার পর বরিশাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান বেহাল। মাদারীপুর ও বরিশালের গৌরনদীতে প্রায় ৯৩ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে অনেক দিন ধরে সংস্কার চলছে। কিন্তু তা শেষই হচ্ছে না। ফলে কোথাও ইট, কোথাও বালু আর কোথাও গর্তে ভরা সড়ক।