দুশ্চিন্তার কিছু নেই, বাজেট বাস্তবায়ন করতে পারব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে বলেছেন, ‘এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারব। দারিদ্র্যবিমোচন হবে। দেশ উন্নত হবে।’
জাতীয় সংসদে গতকাল সোমবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
১ ঘণ্টা ১২ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী বিগত সময়ে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন। তিনি কর হ্রাসের কিছু প্রস্তাব করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেসব প্রস্তাব গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে বাজেট আমরা দিয়েছি, হয়তো পাঁচ ভাগ ঘাটতি, এটা কোনো ব্যাপার না। প্রতিবছরই ঘাটতি থাকে। ঘাটতি থাকা সত্ত্বেও আমরা বাজেট বাস্তবায়ন করি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯৫ ভাগ বাস্তবায়ন করেছি। কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সবার সহযোগিতায় এটা আমরা বাস্তবায়ন করতে পারব।’
শেখ হাসিনা বলেন, ‘অবৈধভাবে বিদেশে যাওয়া নতুন কিছু নয়। ’৯৬ সালে ক্ষমতায় আসার পর মালয়েশিয়া, সৌদি আরব, ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ব্যাপারে সরকারের কূটনৈতিক সাফল্য এসেছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সৌদি আরবে আট লাখ অবৈধ লোককে বৈধ করার ব্যবস্থা করেছি। আকামা পরিবর্তনের ব্যবস্থা করেছি। মালয়েশিয়ায় সাড়ে ছয় লাখ অবৈধ অভিবাসী ছিল। সে দেশের সরকার খুব বিরক্ত ছিল। তাদের বৈধ করেছি। দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে মালয়েশিয়ায় প্রতিবছর পাঁচ লাখ লোক যাবে।’ তিনি বলেন, ‘অবৈধভাবে যাতে কেউ বিদেশ না যেতে পারে, সে জন্য সচেতনতার ব্যবস্থা করছি। বিদেশে যাওয়ার জন্য বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি। তারপরও কিছু লোক বাইরে যাওয়ার নামে সাগরে বসবাস করছে। কিছু মানুষ ফেরত এসেছে।’
প্রধানমন্ত্রী বলেন, হতদরিদ্র বলে দেশে কেউ নেই। খাদ্য উৎপাদন ৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টনে উন্নীত হয়েছে। গম উৎপাদন বাড়বে। ভবিষ্যতে আর গম আমদানি করা লাগবে না। তিনি বলেন, ‘এখন পুষ্টি নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। রপ্তানি আয় বেড়েছে। বিনিয়োগ ২৮ দশমিক ৯৭ ভাগ বেড়েছে। বৈশ্বিক মন্দা এবং রাজনৈতিক দলের জ্বালাও-পোড়াও সত্ত্বেও জিডিপি ৬ দশমিক ৫ ভাগ ধরে রাখতে পেরেছি। জ্বালাও-পোড়াও না হলে হয়তো তা ৭ ভাগে পৌঁছাত।’
শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন কেবল বাড়েইনি, ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। কৃষককে ভর্তুকি দিচ্ছি। কৃষি উপকরণ সহজলভ্য করতে বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে।’ তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিকে লক্ষ রেখেই একটি বাড়ি একটি খামার, পল্লী সঞ্চয় ব্যাংক এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দেশে আয়-বৈষম্য কমছে। তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে এখন সেশনজট নেই। ২৩-২৪ বছর বয়সে ছেলেমেয়েরা মাস্টার্স পাস করে যাচ্ছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। কোথাও সরকারি, কোথাও বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে।’
প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ও দল মানুষ পুড়িয়ে মেরে যেন আত্মতুষ্টি লাভ করে। বীভৎস উল্লাসে ফেটে পড়ে। এ ছাড়া এমনিতেও কোথাও কোথাও আগুন লাগে। এসব থেকে মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমিকম্প থেকে উদ্ধার করার জন্য যত ধরনের যন্ত্রপাতি আছে, সেগুলোর আমদানি শুল্কমুক্ত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের চারণভূমি না হয়, তার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি।
শেখ হাসিনা বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেক কথা হচ্ছে। দিনাজপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে। সেটা ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে কি কোনো ক্ষতি হয়েছে?’ তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের দেশ। সুন্দরবনকে রক্ষা করা, বাংলাদেশকে রক্ষা করা, সেখানে আমার দরদ থাকবে না, এটা আমি বিশ্বাস করি না। কথায় বলে, মায়ের পোড়ে না, পোড়ে মাসির। সেখানে সত্যিই ক্ষতি হলে তা আমরা করতে দিতাম না। বাংলাদেশের উন্নতিটা অনেকের ভালো লাগে না। এটা হলো বাস্তবতা।’
শেখ হাসিনা বলেন, ‘পুঁজিবাজার সমস্যায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যে নিইনি তা নয়। ব্যবস্থা নিয়েছি। অনেকে দেশেই নাই। যখন তাদের পাব ব্যবস্থা নেব। নানা পদক্ষেপ নেওয়ার পর শেয়ারবাজার স্থিতিশীল। মাঝেমধ্যে খেলার চেষ্টা করা হয়। তবে সজাগ আছি বলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই।’ তিনি বলেন, ‘ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জয় করেছি। অসুস্থ ছিলাম বলে সেদিন মাঠে যেতে পারিনি। ক্রিকেটের উন্নয়নে, প্রশিক্ষণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।’