দুষ্কর্ম করলে শাস্তি পেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে-ই দুষ্কর্ম করবে, তাকে শাস্তি পেতে হবে। আইনের আওতায় আসতে হবে। সে পুলিশ হোক, র্যাব হোক, বিজিবি হোক অথবা কোনো নেতা হোক।
গতকাল বুধবার দুপুরে জয়পুরহাটে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ১ লাখ ৭৫ হাজার পুলিশ রয়েছে।... দু-একজন পুলিশ দুষ্কর্ম করতে পারে। কিন্তু দুষ্কর্ম করলে পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে, সেটাই বিবেচ্য বিষয়। দুষ্কর্ম করলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হচ্ছে। আমাদের পুলিশ বিভাগ তাকে সাসপেন্ড করছে, না হয় ক্লোজ করছে; কমিটি করে তদন্ত করছে।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তভার এখন র্যাবের কাছে। হাইকোর্টের দিকনির্দেশনায় তদন্তের কাজ চলছে। আইনশৃঙ্খলা কমিটির সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী জয়পুরহাট পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।