দুস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদান
রংপুর মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব অর্থায়নে দুস্থ ও অসচ্ছল ৫০০ মুক্তিযোদ্ধাকে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চেক হস্তান্তর করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন। তিনি জানান, রংপুরের মুক্তিযোদ্ধাদের অনেক দিনের স্বপ্ন ছিল তাঁদের নিজেদের অর্থায়নে মুক্তিযোদ্ধারা ভাতা ভোগ করবেন। সে অনুযায়ী গত বছর ১৬ সেপ্টেম্বর দুস্থ ও অসচ্ছল ৪০০ মুক্তিযোদ্ধাকে এই ভাতা দেওয়া হয়। ছয় মাস পর তা বাড়িয়ে ৫০০ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো হয়, জেলায় ১ হাজার ১০০ মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে যাঁরা অসচ্ছল, তাঁদের তালিকা করে ওই ভাতা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব ভবনে ভাড়া দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে যে টাকা আয় হয়, সেখান থেকে ছয় মাস পর আবারও এই অনুদান দেওয়া হলো।
ভাতা পেয়ে দুজন মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন ও অফিলউদ্দিন আবেগাপ্লুত হয়ে পড়েন।