দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিরা পেলেন টাকা, ঢেউটিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় দুস্থ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও প্রতিবন্ধী ব্যক্তিদের টাকা, ঢেউটিন ও সুদমুক্ত ঋণ সহায়তা দেওয়া হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচি ও পল্লি সমাজসেবা কার্যক্রমের আওতায় এ সহায়তা দেওয়া হয়।
এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার। বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সিভিল সার্জন ইমরান আলী, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সামসুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী প্রমুখ।
প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের দুস্থ ও দরিদ্র নাগরিকের জন্য গৃহায়ণ, খাদ্য, সুচিকিৎসা ও সুশিক্ষার ব্যবস্থাসহ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকেরা সময়মতো সার, বীজ ও কৃষিঋণ পাচ্ছেন। এখন দেশের প্রতিটি শিশুরই স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে।
আলোচনা সভা শেষে সদর উপজেলার ৭২ জন দুস্থ ব্যক্তির মাঝে এক বান (৭২ ফুট) করে ঢেউটিন ও তিন হাজার টাকা, নদীভাঙনে পাঁচজন ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা, একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ২৫ হাজার ৯০০ টাকা তুলে দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া পল্লি সমাজসেবা কার্যক্রমের আওতায় ৪২ জন ব্যক্তির প্রত্যেককে ২০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হয়।