দুস্থ ভাতার টাকা তুলতে ভোগান্তি
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনের বারান্দা ও মাটিতে গাদাগাদি করে বসে আছেন কয়েক শ বৃদ্ধ-বৃদ্ধা। কেউ কেউ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন মাটিতেই। গত ১৭ ডিসেম্বর বেলা একটার দিকে ইকরচালী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে গিয়ে এ চিত্র দেখা গেছে।
ওই দিন দেখা যায়, ব্যাংকটির প্রবশপথে মানুষ, সাইকেল ও মোটরসাইকেলের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। এ অবস্থায় কেউ ব্যাংকের বারান্দার মেঝেতে, কেউ মাটিতে বসে আছেন কখন ব্যাংক থেকে ডাক পড়বে সে আশায়। তাঁদের অনেকে চোখে কম দেখেন, হাঁটতে পারেন না। আবার কেউ অসুস্থ। তাঁরা কেউ এসেছিলেন বয়স্ক, কেউ বিধবা, কেউবা প্রতিবন্ধী ভাতা তুলতে। হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এসব দুস্থ মানুষ। সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে ব্যাংকে এসেছেন তাঁরা। তারপর চলছিল অপেক্ষার পালা। কয়েক মাস পরপরই ব্যাংকটির সামনে এ চিত্র দেখা যায়। চলছে বছরের পর বছর।
গত ১৭ ডিসেম্বর ব্যাংকে ভাতা নিতে আসা একাধিক বয়স্ক লোকের সঙ্গে আলাপ করে জানা গেল, হাড়িয়ারকুঠির প্রায় দেড় হাজার বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবার মধ্যে ওই দিন ৪০০ জন আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভাতা নিতে এসেছিলেন ব্যাংকের ওই শাখায়। হাড়িয়ারকুঠি ইউনিয়নে কোনো ব্যাংকের শাখা না থাকায় ওই ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ১৫ থেকে ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইকরচালীর এ ব্যাংকে ভাতার টাকা তুলতে আসতে হয়। আসা-যাওয়াতেই তাঁদের ১২০ থেকে ১৫০ টাকা খরচ হয়। তিন মাসে তাঁরা মাথাপিছু পান ১ হাজার ২০০ টাকা করে ভাতা।
অসুস্থ হয়ে শুয়ে পড়া এক বৃদ্ধের পাশে বসে ছিলেন তছিরন নেছা (৬০)। তিনি বলেন, ওই বৃদ্ধের নাম নুরবক্ত (৮০)। একটু দূরেই শুয়ে থাকা আরেক বৃদ্ধকে দেখিয়ে বলেন, ওনার নাম মোফাজ্জল হোসেন (৯০)। তাঁরা হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর গ্রাম থেকে এসেছেন সকাল নয়টার দিকে। কয়েক ঘণ্টা অপেক্ষার পর দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে মাটিতেই শুয়ে পড়েছেন।
ওই ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ছোলেমা বেওয়া (৭৫) বলেন, ‘ভেনত যাইতে-আইসতে ১২০ টাকা খরচ, ফির দিনডা শ্যাষ। না খায়া থাকতে থাকতে জানডা বাহির হয়া যায়।’ তিনি আরও বলেন, ‘হামার ইউনিয়নোত একটা ব্যাংক থাকিলে টাকা পাইতে এমতোন কষ্ট হইল না হয়।’ একই রকম কষ্টের কথা বলেন ভাতা তুলতে আসা পারঘাট গ্রামের সুফিয়া (৬৯), বারোঘরিয়া গ্রামের সাবের উদ্দিন (৯৫) এবং কাশিয়াবাড়ি গ্রামের জোসনা বেওয়া।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ব্যাংকের কোনো শাখা না থাকায় হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রায় দেড় হাজার বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইকরচালী ইউনিয়নে গিয়ে ভাতার টাকা তুলতে হচ্ছে। এতে ভীষণ দুর্ভোগ পোহাতে হয় এসব দুস্থ মানুষকে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে রাজশাহী উন্নয়ন ব্যাংকের শাখা আছে। হাড়িয়ারকুঠি থেকে সেখানে যাওয়া অপেক্ষাকৃত সহজ। মাত্র তিন কিলোমিটার দূরত্ব। সেখান থেকে হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের ভাতা দেওয়া গেলে তাদের কষ্ট কমবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘বিষয়টি আগামী সমন্বয় কমিটির সভায় তুলব। ব্যাংক ব্যবস্থাপকদের সঙ্গে পরিকল্পনা করে ওই সমস্যা সমাধানের চেষ্টা করব।’