দুস্থ মায়েদের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি গঠন
জামালপুরে কর্মজীবী দুস্থ মায়েদের সরকারি ভাতা বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগের তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার জামালপুর জেলা প্রশাসন তিন সদস্যের ওই কমিটি গঠন করে।মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তর থেকে কর্মজীবী দুস্থ মায়ের সহায়তা তহবিল কর্মসূচির আওতায় একজন দুস্থ মাকে প্রতি মাসে ৩৫০ টাকা হারে দুই বছর ভাতা দেওয়া হবে। গত বছরের জুলাই মাসে এ কর্মসূচির অনুমোদন হয়। ভাতার জন্য জামালপুর জেলায় আবেদন জমা পড়েছিল প্রায় তিন হাজার। এর মধ্যে এক হাজার ৩০০ জনের তালিকা চূড়ান্ত করা হয়।তারপর থেকে ভাতাবঞ্চিত কয়েক শ দুস্থ মা ও অন্তঃসত্ত্বা নারী কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। তাঁরা অভিযোগ করেছেন, এ ভাতা বিয়ে হয়নি এমন নারী এবং সচ্ছল মায়েদের মাঝে বিতরণ করা হয়েছে।জেলা প্রশাসক সিরাজউদ্দিন আহমেদ দুস্থ মায়েদের অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল চারটায় তাঁর কার্যালয়ে জরুরি সভা ডাকেন। সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ গুলকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুজন সদস্য হলেন: জামালপুর পৌরসভার সচিব মো. শরাফত আলী এবং সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।