দুস্থ শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা তহবিল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গরিব ও বঞ্চিত শিক্ষার্থীদের অবৈতনিক শিক্ষার জন্য একটি শিক্ষা তহবিল গঠনের পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘আমরা দেশের সামগ্রিক উন্নয়ন অর্জনে শিক্ষার হার শতভাগে উন্নীত করতে, বিশেষ করে দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা তহবিল গঠনের পরিকল্পনা করছি।’ বাংলাদেশে শ্রীলঙ্কার নবনিযুক্ত হাইকমিশনার সরথ কুমারা ওয়েবেগোড়া গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ কথা জানান। খবর বাসসের।বৈঠকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ওষুধ, সিরামিক, প্লাস্টিক ও অন্যান্য পণ্য আমদানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী পর্যটন, আবহাওয়া পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, কৃষিবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও শিল্প-সাহিত্যের ক্ষেত্রে সহযোগিতা বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান। শিক্ষাকে অগ্রগতি ও সমৃদ্ধির চাবিকাঠি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশব্যাপী শিক্ষা সম্প্রসারণের ওপর যথাযথ গুরুত্ব দিয়েছে।প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের শিক্ষা তহবিলের কথা উল্লেখ করে বলেন, তাঁরা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে শিক্ষা তহবিল গঠনে সহযোগিতা করতে পারেন।এ সময় অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।