দুস্থদের কাছ থেকে টাকা নেওয়ার সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হকের বিরুদ্ধে দুস্থ ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে তদন্তে। ‘পাস বই দিতে দুস্থদের কাছ থেকে নেওয়া হলো টাকা’ শিরোনামে প্রথম আলোর বিশাল বাংলায় সংবাদ প্রকাশের পর বগুড়া জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার এ তদন্ত করা হয়।
বগুড়া জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ঢাকা সমাজসেবা অধিদপ্তরের নির্দেশে তদন্তটি হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হকের বিরুদ্ধে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেছে। তবে মোট টাকার অঙ্কটা কম। কারণ, টাকা উত্তোলনের খবর ছড়িয়ে পড়লে পরের দিকে টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়। গতকাল সন্ধ্যার মধ্যে তদন্ত প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরে পাঠানোর কথা রয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তর থেকে ধুনট উপজেলায় এ বছর ৬৭ জন প্রতিবন্ধী, ৩২৮ জন বয়স্ক এবং ১৪১ জন বিধবাসহ মোট ৫৩৬ জনকে নতুন ভাতাভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এসব ব্যক্তির তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী প্রতিবন্ধীদের জন্য ৫০০ টাকা করে এক বছরে ৬ হাজার এবং বয়স্ক ও বিধবাদের জন্য ৪০০ টাকা করে ৪ হাজার ৮০০ টাকা হিসাবে বরাদ্দ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। গত বুধবার দুপুরে ভাতাভোগীর মধ্যে টাকা বিতরণ করা হয়। ওবাইদুল হক তালিকাভুক্তদের পাস বই দেওয়ার সময় অনলাইনে তাঁদের নাম নিবন্ধনের কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন।