দুস্থদের গম জোরপূর্বক কেনার অভিযোগ
রংপুরের তারাগঞ্জের ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের গম জোরপূর্বক দুস্থ ব্যক্তিদের কাছ থেকে ফড়িয়া-ব্যবসায়ীরা কম দামে কিনে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন হতদরিদ্র লোকজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে উপজেলার হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার উপজেলার ৫টি ইউনিয়নে ২৭ হাজার ২৯৯ জন ব্যক্তির নামে ৩৬২ টন গম বরাদ্দ দেয়। এতে প্রত্যেক ব্যক্তি বিনামূল্যে ১৩ কেজি ২৭০ গ্রাম গম পান। ঈদের আগেই ৫টি ইউনিয়নের দুস্থদের গম বিতরণের কথা থাকলেও ৩টি ইউনিয়নে হয়েছে। খাদ্য অধিদপ্তরের উপজেলা কার্যালয় বরাদ্দ হওয়া গম দিতে দেরি করায় ঈদের পরে গত শনিবার থেকে আলমপুর ও হাড়িয়ারকুঠি ইউনিয়নে ১১ হাজার ৫০৩ জন দুস্থ ব্যক্তির মধ্যেগম বিতরণের কথা ছিল। প্রতি চারজনকে মিলে একটি বস্তায় গম দেওয়া হচ্ছে। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল বাতেন বলেন, গুদামে গম না থাকায় ওই দুই ইউনিয়নে ঈদের পর গম বিতরণ করতে হয়েছে।
অভিযোগ রয়েছে, হতদরিদ্র লোকজন গম পাওয়ার পর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে বা আশপাশে থাকা ফড়িয়াদের একটি চক্র তাঁদের কাছ থেকে একরকম জোর করে বাজারদরের চেয়ে কম দামে ওই গম কিনে নেন। বর্তমানে বাজারে প্রতি কেজি গমের দাম ২৪-২৫ টাকা হলেও ফড়িয়ারা তা কিনছেন ১৬-১৭ টাকা কেজি দরে।
শনিবার বেলা ১১টায় আলমপুর ইউনিয়ন পরিষদের পাশে গম কিনতে দেখা যায় দোয়ালীপাড়া গ্রামের ব্যবসায়ী আনিছুলহককে। গম নিয়ে বের হতেই তিনি চারজন দুস্থ ব্যক্তির পথ রোধ করে গমেরদাম-দর করতে থাকেন। তিনি বলেন, ‘আমি তো অন্যায় কিছু করছি না। টাকা দিয়া গম কিনে নিচ্ছি। গমের মান ভালো নয়, তাই ১৬-১৭ টাকা কেজি দামে গম কিনছি।’
গম বিক্রি করার বিষয়ে ওই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের নুর ইসলাম বলেন, ‘ঈদের আগোত গম পাইলে সেমাই বানে খাইনো হয়। ঈদের পরে গম দেওচে। সেই তকনে চাল কিনার জন্যে গম বেচাওছি।’
ফাজিলপুর গ্রামের রহিমা বেগম (৩৬) বলেন, ‘রিলিফের গম হামরা খাবার পারি না। তাই বেচে দেই।’ কম দামে গম বিক্রির বিষয়ে দোয়ালীপাড়া গ্রামের মনিরা বেগম (৪২) বলেন, ‘সউগ ব্যবসায়ী একজোট হইচে। যারে কাছোত যান তায় ১৬-১৭ টাকার বেশি দামে গম নেয় না। সোবায় বুদ্ধি করি একজোট হয়া হামার গম কম দামে কিনি নিয়া ওমরা অন্যেটে বেচে বেশি করি লাভ করোছে।’
কম দামে গম কেনার বিষয়ে জানতে চাইলে আলমপুর গ্রামের রহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘লাভের আশায় সবাই ব্যবসা করে। কারও গম জোর করে তো নিচ্ছি না। স্বেচ্ছায় গম বিক্রি করছে বলে তো ১৬-১৭ টাকা কেজি দামে গম কিনছি।’
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদের বলেন, ‘ইউপি চত্বরে কোনো ফড়িয়া-ব্যবসায়ীকেগম কিনতে দেওয়া হয়নি। বাইরে গিয়ে কেনাবেচা করলে আমার আর কী করার আছে।’ উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম বলেন, চারজনকে মিলে এক বস্তায় গম দেওয়ার নিয়ম নেই। আর ইউপি চত্বরে গম কেনা-বেচার কোনো সুযোগ নেই। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।