দুস্থদের গম বিক্রির অভিযোগ ২৭ বস্তাসহ ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীর বিরুদ্ধে দুস্থদের মাঝে বিনা মূল্যে বিতরণের (ভিজিডি) গম কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ কুয়াবাসী বাজার থেকে ২৭ বস্তা গমসহ মো. মেহেদী হাসান (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি বাজারে গম কেনাবেচা করেন। এলাকাবাসীর অনেকে জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কালোবাজারে গম বিক্রির অভিযোগ রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারেননি। গত মঙ্গলবার ইউনিয়নের ১৯৬ জন দুস্থ নারীকে ৩০ কেজি করে গম বিতরণের কথা ছিল। কিন্তু চেয়ারম্যান ১৮৪ জনের মধ্যে গম বিতরণ করেছেন। প্রত্যেককে দেওয়া হয়েছে ২৭ কেজি করে গম।কুয়াবাসী গ্রামের আলেয়া খাতুন বলেন, ‘চেয়ারম্যান আমাগের কাছথেন ৩০ কেজির কাগজে টিপসই নিছে। বাড়িত আসে মাপে দেহি গম হইছে ২৭ কেজি। যে বেটারা মাপে দিল তাগের গম কম হওয়ার কতা কইছিলেম। উরা কয় ঠিকই আছে।’ চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ জানান, চেয়ারম্যান বিনা মূল্যে বিতরণের (ভিজিডি) গম ইউনিয়নের কুয়াবাসী বাজারের গম ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন—এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে দুই ব্যবসায়ীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী তোরাব আলীর দোকান থেকে ১৭ বস্তা ও হাসান খোন্দকারের দোকান থেকে ১০ বস্তা গম উদ্ধার করা হয়। বিষয়টি টের পেয়ে দোকান মালিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরে হাসান খোন্দকারের দোকান থেকে তাঁর ভাই মেহেদী হাসানকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পবাখালী গ্রামের সাইদুল ইসলাম বলেন, চেয়ারম্যান খুব ধূর্ত মানুষ। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে গম বিক্রির অভি যোগ রয়েছে। কিন্তু গ্রামের অসহায় মানুষগুলো ভয়ে তাঁর বিরুদ্ধে মুখ খোলে না। অভিযোগ অস্বীকার করে শাহজাহান আলী বলেন, ‘বাজার থেকে উদ্ধার করা গম কোথাকার, তা আমি জানি না। আমি ১৮৪ জন নারীকে ৩০ কেজি করে গম দিয়েছি। বাকি ১০ জনের গম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আছে।’