দুস্থদের চাল বিতরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নে ভালনার‌্যাবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্ডধারীদের মধ্যে বরাদ্দ বিতরণ করা হয়নি। উপজেলা ভিজিএফ কমিটির সভায় একাধিক তালিকা উপস্থাপিত হওয়ায় জটিলতা দেখা দিলে কমিটি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ কারণে দুস্থ ব্যক্তিরা ঈদের আগে ওই সরকারি সহায়তা পায়নি বলে জানা গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদুল ফিতরের আগে বিতরণের জন্য এ উপজেলায় ১৭২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।সংশ্লিষ্ট সূত্র ও কয়েকজন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি ইউনিয়ন থেকে চেয়ারম্যানরা ঈদের আগেই ভিজিএফ কার্ডধারীদের তালিকা প্রস্তুত করে রাখেন। কিন্তু ওই তালিকায় দলীয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করায় তা নিয়ে জটিলতা দেখা দেয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভিজিএফ বরাদ্দের ৬০ ভাগ তাঁদের মাধ্যমে বাস্তবায়ন করার দাবি জানান। কিন্তু চেয়ারম্যানরা তা মানতে রাজি না হওয়ায় অচলাবস্থা দেখা দেয়। এ কারণে গত ২৫ আগস্টের ভিজিএফ কমিটির সভায় চেয়ারম্যানরা উপস্থিত হননি। ঈদের আগে সোমবার (সরকারি ছুটি শুরু হওয়ার আগে) এ নিয়ে দীর্ঘ সময় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে দেনদরবার হলেও বিষয়টির সুরাহা হয়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে।