দুস্থদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফ ও ভিজিডি কার্ডের চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের দুজন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে এ অনিয়মের অভিযোগ তোলেন।
উপজেলা ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৪ হাজার ৪৪৭টি ভিজিএফ কার্ডের বিপরীতে প্রত্যেককে ১০ কেজি করে ৮৪৪ মেট্রিক টন এবং ২ হাজার ২২৮টি ভিজিডি কার্ডের বিপরীতে প্রত্যেককে ৩০ কেজি করে প্রায় ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ঈদের আগেই এসব চাল বিতরণের নির্দেশ ছিল।
গালা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন ও মো. বিশামোল্লা অভিযোগ করেন, ৭ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সাড়ে চার হাজার ভিজিএফ কার্ডের বিপরীতে বরাদ্দ করা ৪৫ মেট্রিক টন চালের মধ্যে ৪০ মেট্রিক টন তোলেন। প্রথম দিন চাল বিতরণের পর গোডাউনে মাল থাকতেই বন্ধ করে দেওয়া হয়। পরদিন চেয়ারম্যান গোপনে বাকি ৫ মেট্রিক টন চাল উত্তোলন করেন। ওই দিন ১৮৯ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে কয়েকজনকে ডেকে এনে ৩০ কেজির পরিবর্তে ১৫ থেকে ১৬ কেজি করে চাল দিয়ে বিদায় করেন। ভিজিডি কার্ডের বিপরীতে বরাদ্দ করা প্রায় ৬৭ মেট্রিক টন চাল গোডাউন থেকেই বিক্রি করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন চেয়ারম্যান।
গালা ইউনিয়নের পারদুগালী গ্রামের ভিজিডি কার্ডধারী সূর্য্য খাতুন ও শিমুলকান্দি গ্রামের ফুলমালা বলেন, ‘আমাগরে চাল দেয়নি। হুনছি অন্যগরে চাল দিছে।’ একই গ্রামের খাদিজা বেগম, কল্পনা বেগম এবং ভেড়াকোলা গ্রামের রংবালা খাতুন ও ময়ূরী বেগম বলেন, ‘আগে ৩০ কেজি করে চাল পাইছি। এবার ১৫ কেজি করে দিছে।’
এ বিষয়ে গালা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বাতেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল ইসলাম বলেন, ‘ঈদের আগে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ঈদের ছুটির কারণে আগেই স্বাক্ষর দিয়ে চলে গেছি। তবে ভিজিডি কার্ডের চাল বিতরণের বিষয়টি আমার জানা নেই। এখানে আমার কোনো স্বাক্ষর নেই।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, ‘ওই ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্বের কারণে এরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। শুনেছি সব মালামাল বিতরণ করা হয়েছে। তারপরও বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।’ ভিজিডির বিষয়টি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দেখাশোনা করে থাকেন।
মহিলাবিষয়ক কর্মকর্তা রেখামণি পারভীন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘বিষয়গুলো মৌখিকভাবে জেনেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য-প্রমাণসহ হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির কারণে বিলম্ব হয়েছে। অফিস খোলার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’