দুস্থদের জন্য বরাদ্দ চাল লুটের অভিযোগে মামলা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে দুস্থ মানুষের জন্য বরাদ্দ চাল লুটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি এবং সেই ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল শনিবার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারে স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বহাল ছিল। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ আগস্ট বিকেল তিনটায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. ছকিলা বেগম (৪৫) দুস্থ নারী ও পুরুষের মধ্যে খয়রাতির চাল বিতরণ করছিলেন। এ সময় মামলার এজাহারভুক্ত আসামিরা লাঠি, ছোরা, বল্লম, শাবল ইত্যাদি নিয়ে ইউপি কার্যালয়ের হলরুমে ঢুকে ছকিলা বেগমের কাছে সাত বস্তা চাল দাবি করেন। এতে তিনি অস্বীকৃতি জানালে তাঁরা চাল বিতরণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য করেন। ছকিলা বেগম ভয়ে হলরুমের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নিলে আসামিরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ১৫ বস্তা চাল নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে মারধরের শিকার হন ছকিলা। গুরুতর আহতাবস্থায় তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার পরপরই লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি গত শুক্রবার নিয়মিত মামলা হিসেবে থানার পুলিশ রেকর্ড করে। মামলায় মো. বুলেট (২৮), মো. লুতু (২০), সোহাগ পাটোয়ারী (১৯), অমল চন্দ্র (২০), মোস্তফা (২২), ফারুক (১৯), ইউনুছ (২০), রফিকুল (২০), এনামুল হক (২৮), সাইফুল্লা (১৯), নুর নবী (১৯), মিন্টু মিয়া (১৯), এলাহীসহ (২৭) অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়। মামলার বাদী সূত্রে জানা যায়, আসামিদের অধিকাংশই ক্ষমতাসীন দল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বলেন, ‘সুনাম নষ্ট করতে আমাদের দলের লোকজনের নামে ইউপি চেয়ারম্যান মিথ্যা মামলা করেছেন। এ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডেকেছিলাম। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ওই কর্মসূচি আপাতত স্থগিত করেছি।’ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, ‘ইউপি সদস্যাকে মারধর এবং খয়রাতির চাল লুটের ঘটনার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরা মানববন্ধন ও সমাবেশ ডেকেছিলাম।’