দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি দরের চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের তালিকা তৈরি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে তালিকা না হওয়ায় ১৬টি ইউনিয়নের গরিবেরা এখনো ১০ টাকা কেজি দরের চাল পাচ্ছে না।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, গত ২৫ জুলাই খাদ্য মন্ত্রণালয় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের জন্য বাগমারায় ১৪ হাজার ৩৯৭ জন সুবিধাভোগী মানুষের তালিকা তৈরির নির্দেশ দেয়। সে অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হয়। উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তাকে সভাপতি, ইউপি সচিবকে সদস্যসচিব এবং চেয়ারম্যান, সব ইউপি সদস্য ও দুজন গণ্যমান্য ব্যক্তিকে কমিটির সদস্য করা হয়েছে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই কমিটির তালিকা তৈরি করে উপজেলা খাদ্য কার্যালয়ে জমা দেওয়ার কথা। পরে সে অনুযায়ী ডিলারদের মাধ্যমে চাল বিক্রি করা হবে। সারা দেশে গত ৭ সেপ্টেম্বর এ কর্মসূচি শুরু হলেও বাগমারার সব ইউনিয়নের সুবিধাভোগী লোকজনের তালিকাই পাওয়া যায়নি। এ কারণে খাদ্য বিভাগ ডিলারদের চাল বরাদ্দ দিতে পারছে না। গত সোমবার পর্যন্ত মাত্র পাঁচটি ইউনিয়নের তালিকা জমা হয়েছে।
দ্বীপপুর ইউনিয়নের ডিলার আনিছুর রহমান বলেন, তালিকা না পাওয়ায় তাঁর অনুকূলে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এ জন্য তিনি চাল বিক্রিও করতে পারছেন না। বরাদ্দ পেলেই বিক্রি করা হবে। তাঁর মতো অন্য ডিলাররাও একই ধরনের কথা বলেছেন।
ঝিকড়া ইউপির চেয়ারম্যান সাইদুজ্জামান বলেন, গণ্যমান্য ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতারা কমিটির সদস্য মনোনীত হওয়ায় সব তালিকা নিজেরাই তৈরি করছেন। কমিটির অন্য সদস্যদের তালিকা তৈরির সুযোগ দিচ্ছেন না। এ কারণে নির্দিষ্ট সময়ে তালিকা জমা দেওয়া সম্ভব হয়নি।
নরদাশ ইউপির চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগের নেতারা কমিটির সদস্য হওয়ায় কমিটির অন্য সদস্যদের মতামতের মূল্যায়ন না করে আলাদা তালিকা করেছেন। অপরদিকে তিনিও আলাদা তালিকা করে খাদ্য অফিসে জমা দিয়েছেন। এ জটিলতায় এখনো ১০ টাকার চাল বিক্রি শুরু হয়নি।
উপজেলার অন্য নয়টি ইউপির চেয়ারম্যানরাও একই ধরনের কথা বলেন।
তবে আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি ও আউচপাড়া ইউনিয়নের তালিকা প্রস্তুত কমিটির সদস্য আহসান হাবীব বলেন, তাঁরা দলের ও ইউপি চেয়ারম্যান-মেম্বরদের সঙ্গে তালিকা ভাগাভাগি করে তৈরি করেছেন। কোনো জটিলতা হয়নি।
উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্যনিয়ন্ত্রক মোছা. পারভীন বলেন, তালিকা তৈরিতে স্থানীয়ভাবে সমস্যা ও দ্বিমতের সৃষ্টি হয়েছে। ১১টি ইউনিয়নের তালিকা এখনো পাওয়া যায়নি। তালিকা পাওয়া না গেলে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।