দুস্থদের জন্য বরাদ্দ ১৮০০ কেজি চাল উদ্ধার, গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ করা বিশ্ব খাদ্য সংস্থার বিক্রি নিষিদ্ধ এক হাজার ৮০০ কেজি চাল শহরের একটি চালকলের গুদাম থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি বেসরকারি সংস্থার লোকজন এই চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে ওই চালকলের মালিকের কাছে তা বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। র্যাব-১২ সিরাজগঞ্জের বিশেষ কোম্পানি কমান্ডার শহীদ উল্লাহ জানান, সিরাজগঞ্জ শহরের রামগাতী এলাকার ভাই ভাই চালকলের গুদামে গত রোববার রাত নয়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলীর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় গুদাম থেকে ৩৬৯ বস্তা চাল উদ্ধার করা হয়। বস্তাগুলোর ওপর বিশ্ব খাদ্য সংস্থার সিলমারা ‘বিক্রয়ের জন্য নহে’ লেখা ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চালকলের গুদাম থেকে চালকল মালিকের ভাই হজরত আলী, চালকলের ব্যবস্থাপক দেলশাদ, শ্রমিকনেতা নূরুল হুদা ও আলী হোসেন নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, উদ্ধার করা চাল ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি বেসরকারি সংস্থার অধীনে সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নে চরজীবিকায়ন প্রকল্পের আওতায় দুই হাজার দুস্থ মহিলার মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু সংস্থাটির প্রতিনিধিরা চালগুলো বিতরণ না করে ওই চালকলের মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সিরাজগঞ্জ কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা সাদেক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সংস্থার ক্যাশিয়ার আতাউর রহমানের সঙ্গে কথা বলতে বলেন। আতাউর রহমান এই চাল বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত রোববার ৫৪ মেট্রিক টন চাল কাওয়াখোলা ইউনিয়নের প্রায় দুই হাজার শ্রমিকের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু এই চাল কীভাবে বাইরে বিক্রি হলো তা বুঝে উঠতে পারছি না।’ ইউএনও মোহাম্মাদ হোসেন জানান, এই চাল অবৈধভাবে রাখার অভিযোগে ওই চালকলের গুদাম সিলগালা এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলাও করা হয়েছে।