দুস্থদের জমি দখলে নিয়ে ভরাট করছেন আওয়ামী লীগ নেতা!
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামানের বিরুদ্ধে কয়েকটি অসহায় ও দুস্থ পরিবারের জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা হয়। পরে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা বেগম।এলাকাবাসী ও দুস্থ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শিবপুর পৌর এলাকার নগর গ্রামে জমি দখল করে তা প্লট আকারে বিক্রির পাঁয়তারা করছেন আসাদুজ্জামান। এ জন্য তিনি স্থানীয় হযরত আলী ওরফে হযরু মিয়ার নেতৃত্বে বাচ্চু বেপারি, আবদুল গনি, কাশেম বেপারি, দারগালী মিয়া, ইব্রাহিম মিয়া, ইউনুছ মিয়াসহ ২০-২৫ জনকে নিয়ে গড়ে তুলেছেন হযরু বাহিনী নামের একটি দাঙ্গাবাজ দল। সম্প্রতি হযরু বাহিনী নগর গ্রামের ওয়াজ উদ্দিনের জমি দখল করে সেখানে ইটের দেয়াল তোলে মাটি ভরাট শুরু করেছেন। এতে বাধা দিতে গিয়ে তাঁদের হামলার শিকার হন ওয়াজ উদ্দিন, তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম, মেয়ে কাজীবান বেগম, রোকেয়া বেগম ও খুশী বেগম। এ ছাড়া একই এলাকার সাফিয়া বেগম, সিরাজ ভূঁইয়া, আবদুল খালেকসহ বেশ কয়েকজনের জমি দখল করেছেন আওয়ামী লীগের ওই নেতা। এ ঘটনায় হযরু বাহিনীর বিরুদ্ধে ওয়াজ উদ্দিন মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল মামলা নিতে অপারগতা প্রকাশ করেন। স্থানীয়ভাবে এ ব্যাপারে কেউ এগিয়ে এলে তাঁরাও আসাদুজ্জামান বাহিনীর হামলা ও মামলার শিকার হন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। পরে গত ২৮ মার্চ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া বশরীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেন ইউএনও।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, স্থানীয় সাংসদ জহিরুল ইসলাম ভূঁইয়া কাবিখা, কাবিটার বরাদ্দ দিয়ে এই ভূমিদস্যুদের সহযোগিতা করছেন।নির্যাতনের শিকার ওয়াজ উদ্দিন ও তাঁর স্ত্রী দেলোয়ারা বলেন, ‘আমাগো ১৬ শতকের বেশি জমি তারা (হযরু বাহিনী) দখল কইরা ওয়াল দিয়া মাটি ভরাট করতাছে। কিছু কইলে আইসা মাইরদোর শুরু করে। পুলিশের কাছে গেলে হেরা মামলা পর্যন্ত নেয় না। হেরা জায়গা দখল করে আর এমপির কাছ থেইকা টেহা আইনা মাইনষের জায়গা দিয়া রাস্তা বানায়।’রাবেয়া বশরী বলেন, ‘আমরা তদন্তের কার্যক্রম শুরু করেছি। শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’হযরত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা ওয়াজ উদ্দিনের জমি না, এটা প্রতিবন্ধী সামসুর জমি। সে আমাকে বলছে, তাই তার জমিতে ইটের দেয়াল দিয়ে মাটি ভরাট করছি।’এ ব্যাপারে আসাদুজ্জামানের মুঠোফোনে গতকাল শুক্রবার একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।তবে জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আসাদুজ্জামান আমার কাছ থেকে রাস্তার কথা বলে কাবিখার বরাদ্দ নিয়েছেন। তবে রাস্তা কোথায় করা হচ্ছে, তা আমি জানি না। আগামী সপ্তাহে এসে বিষয়টির খোঁজ নেব।’ইউএনও জানান, কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ওসি ফিরোজ আল জালাল বলেন, ‘জমির বিষয় তো, তাই আমরা বেশি জড়াতে চাই না। কারণ এগুলো সামাজিকভাবে সমাধান হলেই বেশি ভালো হয়। আমিও ওই বিশেষ তদন্ত কমিটির সদস্য। কমিটির কাজ এখনো শুরু হয়নি। তদন্ত শেষে বলা যাবে কী অবস্থা।’