দুস্থদের টাকায় ভাগ বসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় প্রতিবন্ধী, বৃদ্ধ ও বিধবাদের জন্য বরাদ্দ দেওয়া ভাতা থেকে ৪০-৫০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে। এ সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নামে ব্যাংক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা টাকা কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোলার সাত উপজেলার ৩৬ হাজার ৩৯৪ জনকে বয়স্ক ভাতা, চার হাজার ৬৭ জনকে প্রতিবন্ধী ভাতা ও ১৫ হাজার ৯৫৩ জন নারীকে বিধবা ভাতা দেওয়া হয়। অগ্রণী, কৃষি, জনতা ও সোনালী ব্যাংকের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর তাঁদের ভাতা দিচ্ছে। যেসব ইউনিয়নে ব্যাংকগুলোর শাখা নেই, সেসব ইউনিয়ন পরিষদে গিয়ে কর্মকর্তারা ভাতার টাকা বিতরণ করেন।ভোলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোফাজ্জল হোসেন চৌধুরী অভিযোগ করেন, ব্যাংকের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নামে ভাতার টাকা কেটে নিচ্ছেন। এভাবে টাকা নেওয়ার কোনো বিধান নেই।গত শনিবার সদর উপজেলার ভেদুরিয়া ইউপির কক্ষ থেকে ৫৫৬ জন বয়স্ক ও ৬৯ জন প্রতিবন্ধীকে অগ্রণী ব্যাংক ভোলা কালীনাথ রায়ের বাজার শাখার কর্মকর্তারা তিন মাসের ভাতা দেন। তিন মাসে ৯০০ টাকা দেওয়ার কথা থাকলেও প্রত্যেককে ৮৬০ টাকা ভাতা দেওয়া হয়েছে। বাকি ৪০ টাকা যাতায়াত খরচের নামে কেটে রাখা হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর জাহান বলেন, ‘বারিদ্দারের (বাড়ির নিকট) পরিষদে বয়স্ক বাতার টিয়া দিছে। কিন্তুক মনো কষ্ট অফিছার চল্লিশ টিয়া ছিড়ি লই(কেটে) গেছে। তয় কিয়ারে নিছে তা কইতাম পারি না।’ ভেদুরিয়া ইউপির চেয়ারম্যান সরোয়ার ইসলাম বলেন, ‘ব্যাংক কর্মকর্তারা ভোলা থেকে আসতে কিছু যাতায়াত ও দুপুরে খাওয়ার খরচ নিতে চেয়েছে। আমি নিষেধ করেছি। তার পরেও কেন নিচ্ছে তা আমার জানা নেই, আমি ঘটনাস্থলে ছিলাম না।’সোনালী ব্যাংকের ভোলা আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক মাইনুল ইসলাম, জনতা ব্যাংকের আঞ্চলিক শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আলাউদ্দিন বিশ্বাস ও অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার পাল জানান, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবাদের কষ্ট লাঘবের জন্য ইউনিয়ন পরিষদে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ কর্মকর্তাদের যাতায়াত বিল দিচ্ছে। কারও বিরুদ্ধে টাকা কেটে নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।