দুস্থদের বরাদ্দেও আ.লীগ নেতাদের ভাগ!
বগুড়ার শিবগঞ্জ ও রংপুরের পীরগাছা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব-দুস্থ মানুষের জন্য বরাদ্দ ভিজিএফ কার্ডের প্রায় ৩০ ভাগ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা নিয়ে বণ্টন করছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদে অতিদরিদ্র মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় শিবগঞ্জ উপজেলায় ২৫ হাজার ১৪২টি কার্ডের বিপরীতে প্রায় ২৫১ মেট্রিক টন চাল এবং পৌরসভায় এক হাজার ৫৪০টি কার্ডের বিপরীতে ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। একইভাবে পীরগাছার নয়টি ইউনিয়নে ২৬ হাজার ২৭৮টি কার্ডের বিপরীতে প্রায় ২৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জনপ্রতিনিধিদের কাছ থেকে ৩০ ভাগ কার্ড নিজেদের লোকদের দেওয়ার জন্য নিয়েছেন। বর্তমানে উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা পৃথকভাবে দুটি তালিকা করছেন।শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল করিম বলেন, ‘আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য এক হাজার ৭০০টি কার্ড বরাদ্দ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিতে হয়েছে প্রতি ওয়ার্ডে ৫০টি করে ৪৫০টি।’ শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে আমাদের জন্য প্রতি ওয়ার্ডে ৫০টি করে কার্ড বিতরণের জন্য বলা হয়েছে। আমরা সেই মোতাবেক এলাকার অতিদরিদ্র মানুষের মধ্যে ওই কার্ড বিতরণ করছি।’শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের নামে কার্ড বরাদ্দ হচ্ছে—এটা ঠিক নয়। চেয়ারম্যানদের বলা হয়েছে, তাঁরা যেন ইউনিয়ন ভিজিএফ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে কার্ড বিতরণ করেন। ওই কমিটিতে আওয়ামী লীগের লোকজন সদস্য আছেন। এ কারণে মনে হতে পারে কিছু কার্ড হয়তো আওয়ামী লীগের লোকজন পাচ্ছে। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার বলেন, ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিবগঞ্জের পিআইও আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের নামে কোনো কার্ড বরাদ্দ হয়নি। পীরগঞ্জের পিআইও রোকনুজ্জামান বলেন, ইউপি চেয়ারম্যানদের মধ্যেই ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।