দুস্থদের ভিজিএফের চাল বিতরণ নিয়ে অনিশ্চয়তা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চারটি ইউনিয়নে ভালনারেবল গ্রুফ ফিডিং (ভিজিএফ) কার্ডধারীদের মধ্যে বরাদ্দ পাওয়া চাল বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই ইউনিয়নগুলো থেকে উপজেলা ভিজিএফ কমিটিতে একাধিক তালিকা উপস্থাপন করায় ঈদের আগে এ বিতরণ কার্যক্রম করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।তবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন, প্রতিটি ইউনিয়নে একটি করে ভিজিএফ তালিকা তৈরি করে তা জমা দেওয়া হলেও বিভিন্ন অজুহাতে উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল তাঁর অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য একটি ভুয়া ইস্যু দেখিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ চারটি ইউনিয়নের দুস্থদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে দুস্থ ও দরিদ্রদের মধ্যে ঈদুল ফিতরের আগে বিতরণের জন্য এ উপজেলার ১০টি ইউনিয়নের ১১ হাজার কার্ডধারীদের মধ্যে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল বিতরণের জন্য ১১০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। এ কার্যালয় থেকে উপজেলা ভিজিএফ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবের নামে ডিও (ডিমান্ড ওর্ডার) ছাড় দেওয়া হয়। কিন্তু ধরমপাশা সদর, চামরদানী, বংশীকুন্ডা দক্ষিণ ও মধ্যনগর ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া চাল গতকাল সোমবার পর্যন্ত উত্তোলন করা হয়নি বলে জানিয়েছেন মধ্যনগর ও ধরমপাশা খাদ্য গোদামের ওসিএলএসডিরা।চামরদানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না, সদর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, মধ্যনগর ইউপি চেয়ারম্যন আবদুল লতিফ তালুকদার ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ অভিযোগ জানিয়ে সাংবাদিকদের বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের নিয়ে এ চারটি ইউনিয়নের প্রতিটিতে একটি করে ভিজিএফ তালিকা সংশ্লিষ্ট ইউপি সচিবের মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু তালিকা অনুমোদন না হওয়ার বিভিন্ন অজুহাতে উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল তাঁর অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য একটি ভুয়া ইস্যু দেখিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ চারটি ইউনিয়নের দুস্থদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছেন। ফলে চাল বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঈদের আগেই এ উপজেলার ১০টি ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি।উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভিজিএফ কমিটির সভাপতি আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘ওই চারটি ইউনিয়ন থেকে একাধিক তালিকা উপস্থাপন করায় তা যাচাই-বাছাই করে সমন্বয়ের মাধ্যমে তালিকা তৈরি করে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ঈদের আগেই চাল বিতরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সচিবের নামে ডিও দেওয়া হয়েছে। আমাকে জড়িয়ে যে অভিযোগগুলো আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’