বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে গতকাল সোমবারও খাবার ও পোশাক বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গতকাল দ্বিতীয় দিনের মতো খাবার ও পোশাক বিতরণ করেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিন দিনব্যাপী এই কর্মসূচি গত ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন থেকে শুরু হয়। আজ মঙ্গলবার এই কর্মসূচি শেষ হবে। রাজধানীর ১২৪টি স্থানে কর্মসূচি পালনের কথা। প্রথম দিনে ৫৪টি স্থানে এবং গতকাল আরও ৫০টি স্থানে খাবার বিতরণ করা হয়। আজ ২০টি স্থানে খাবার বিতরণ করা হবে। গতকাল সকাল সাড়ে ১০টায় মহাখালীর আরজতপাড়ায় দুস্থদের মধ্যে খাবার ও পোশাক বিতরণ করেন খালেদা জিয়া। এরপর তিনি আরও কয়েকটি স্থানে খাবার ও পোশাক বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা উপস্থিত ছিলেন।