দুস্থদের মধ্যে টিন বিতরণ, তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর-১ (সদর) আসনের সাংসদ আতিউর রহমান গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গরিব ও দুস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করেন। একই সময়ে ওই কার্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন অভিযোগ করেন, দুস্থ ব্যক্তিদের তালিকা তৈরিতে অনিয়ম করা হয়েছে।

ত্রাণ মন্ত্রণালয় থেকে শেরপুর জেলা প্রশাসকের নামে শেরপুর সদর উপজেলার পৌরসভা ও ১৪টি ইউনিয়নের দুস্থ ও গরিব মানুষের জন্য ঢেউটিন ও নগদ চার লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ইলিয়াছ অভিযোগ করেন, স্থানীয় সাংসদ আতিউর রহমান পছন্দের দলীয় লোকজনকে এসব ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে তাঁদের নামে তালিকা প্রণয়ন করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। সরকারি বিধান থাকা সত্ত্বেও এ ক্ষেত্রে তাঁর (উপজেলা চেয়ারম্যান) কোনো পরামর্শ নেওয়া হয়নি।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদিন সিদ্দিকী, আবু সাইদ, এস এম আশরাফ, শাহনেওয়াজ শাহিন প্রমুখ। 

উপজেলা চেয়ারম্যানের অভিযোগ প্রসঙ্গে ইউএনও আইরিন ফারজানা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা ও সাংসদ আতিউর রহমানের পরামর্শ অনুযায়ী দুস্থ ব্যক্তিদের তালিকা করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলে তিনি জানান।

সাংসদ আতিউর উপজেলা চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে বলেন, বিশেষ উদ্যোগ নিয়ে আমিই বরাদ্দটা এনেছিলাম। সরকারি নিয়ম মেনেই পৌরসভাসহ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ১৪৮টি ওয়ার্ড থেকে একজন করে দুস্থের নাম তালিকাভুক্ত করে তাঁদের মধ্যে ত্রাণের ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।