দুস্থদের মাংস ভাগাভাগি করে নিলেন সচ্ছলেরা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দুম্বার মাংসের অন্তত ১০০টি কার্টন সচ্ছল ব্যক্তিরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করার জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ২১০ কার্টন (দুই হাজার ১০০ কেজি) দুম্বার মাংস পিআইওর কার্যালয়ে পাঠানো হয়। কার্টনগুলো আসার পর উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, ভূমি কার্যালয়, থানা পুলিশ, সমাজসেবা কার্যালয়, আনসার ভিডিপি কার্যালয়, মুক্তিযোদ্ধা কার্যালয়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের মধ্যে অন্তত ১০০টি কার্টন ভাগাভাগি করা হয়। পিআইও জিয়াউর রহমান বলেন, ‘অসুস্থতার কারণে কয়েক দিন ধরে আমি ছুটিতে আছি। অধিকাংশ কার্টন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে শুনেছি কয়েকটি কার্টন নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মাংস ভাগাভাগি করে নিয়েছেন। তবে এটা ঠিক হয়নি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি রাজনৈতিক সংগঠন মাংস নিয়ে দুস্থ ব্যক্তিদের মধ্যেই বিতরণ করেছে।জিয়াউর রহমানের অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্বে থাকা তারাগঞ্জের পিআইও রেফাউল আজম বলেন, ‘ওই দিন আমি তারাগঞ্জে দুস্থদের মধ্যে দুম্বার মাংস বিতরণের দায়িত্বে থাকায় বদরগঞ্জ যেতে পারিনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বদরগঞ্জের মাংস বিতরণ করা হয়েছে।’ইউএনও খন্দকার ইসতিয়াক আহম্মেদ বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও গরিব। আর যাঁদের দেওয়া হয়েছে, তাঁরাও গরিবদের মধ্যে তা বিতরণ করেছেন।মাংস বিতরণের দায়িত্বে থাকা উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মকছুদার রহমান বলেন, ‘বিতরণের শেষের দিকে ১০-১২টি কার্টন স্থানীয় কিছু মাস্তান এসে জোরপূর্বক নিয়ে গেছে। গরিব কিছু সরকারি কর্মচারীও নিয়েছেন।’ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘আমি ওই মাংস বিতরণ করার কথাই জানি না। কেউ আমার দপ্তরের কথা বলে নিয়ে গেলে সেটা ঠিক করেনি।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, ‘পুলিশের কোনো সদস্য মাংস নিয়েছে কি না, তা আমার জানা নেই।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডিউক চৌধুরী বলেন, ‘দলের কথা বলে কেউ মাংস নিয়ে থাকলে তার জন্য আমরা দায়ী না।’