দু্ই হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
নীলফামারীতে দুটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে পৃথক আদালতে এ দুটি রায় দেওয়া হয়।
জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান গ্রামের গৃহবধূ সন্ধ্যা রাণী রায়কে হত্যার দায়ে স্বামী বিপুল চন্দ্র রায়কে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে ২০০৯ সালের ২০ এপ্রিল বিপুল চন্দ্র রায় তাঁর স্ত্রী সন্ধ্যা রাণী রায়কে পিটিয়ে হত্যা করেন। পরে নিহতের শরীরে বিদ্যুতের তার জড়িয়ে রেখে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ডিমলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন তিনি। ময়নাতদন্ত এবং পুলিশের অনুসন্ধানে সন্ধ্যা রাণী রায়কে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এর পর ডিমলা থানার উপপরিদর্শক এস এম মহিউদ্দীন বাদী হয়ে ওই বছরের ৩ জুন বিপুলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি এবং বিপুলের স্বীকারোক্তিতে হত্যার বিষয়টি প্রমাণিত হলে আদালতের বিচারক আজ এই আদেশ দেন।
২০০৭ সালের আগস্ট মাসে ওই দম্পতির বিয়ে হয়। সন্ধ্যা রাণী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পশ্চিম গড় ধর্মপাল মাঝাপাড়া গ্রামের অমূল্য চন্দ্র রায়ের মেয়ে।
অন্যদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক সফিয়ার রহমানকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের বাবুল (৩৮), তাঁর বড় ভাই মোসলেম উদ্দীন (৪২), চাচাতো ভাই দুলাল হোসেন (৩৭) ও ভাতিজা সাইফুল ইসলাম (২৫) এবং আবদুল মজিদ (৪০)। এঁদের মধ্যে আবদুল মজিদ পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ২০০৯ সালের ২৩ জুন সফিয়ার রহমানকে পিটিয়ে আহত করেন । এ সময় জেলার সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে আবদুল আজিজ বাদী হয়ে পরদিন ২৪ জুন সৈয়দপুর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানিতে পাঁচজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। রায়ে বাকি ১৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।