দুয়ারে দাঁড়িয়ে ছেলের অপেক্ষায় মা
‘দেখতে দেখতে ১৬টি বছর চলে গেল। আমার মাহাবুব বাড়ি আসে না। গিরামের কত মানুষের ছেলে ঢাহায় থাইকি ঈদে বাড়িত আসে, আমার মাহাবুব আসে না।’
ঘরের দুয়ারে দাঁড়িয়ে মৃদু স্বরে কষ্টের কথাগুলো বলছিলেন হাসিনা বেগম। তাঁর ছেলে মাহাবুবুর রশিদ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার দিন গুলিতে নিহত হন। তাঁর বৃদ্ধ মা হাসিনা বেগম মনে মনে এখনো ছেলের অপেক্ষায় থাকেন।
হাসিনা বেগম জেনেছেন, গ্রেনেড হামলার পর যখন গুলিবর্ষণ করা হচ্ছিল, তখন পেছনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে আড়াল করেছিলেন মাহাবুব। পিঠে গুলি লাগার পরও শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিয়েছিলেন। সেই আত্মত্যাগে গর্বিত এই মা।
গত রোববার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়ায় মাহাবুবের বাড়িতে যাওয়া হয়। বৃদ্ধ বাবা হারুণ অর রশিদ ও মা হাসিনা বেগম তখন টিনের বেড়া টিনের চালাঘরের ভেতর দুপুরের খাবার খাচ্ছিলেন।
এই করোনাকালে কেমন আছেন তাঁরা, কেমন চলছে জীবন?Ñহারুণ অর রশিদ বললেন, এই চলে যাচ্ছে কোনো রকম। সবকিছু তো শেষ হয়ে গেছে। ছেলে চলে গেছে। হত্যার বিচার হয়েছে। আর তো কেউ খোঁজ রাখে না। তিনি আক্ষেপ করে বলেন, ‘এই করোনাকালে কত মানুষ কত রকম সহায়তা পেল। আমার বাড়িতে কিছুই এল না।’ তবে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে প্রতি মাসে আট হাজার টাকা বিকাশে চলে আসে। সেই টাকা দিয়ে সংসার চলে যায়। পাশাপাশি দুটি গাভি পালছেন। দুধ বিক্রি করে কিছু আয় হয়।
এরই মধ্যে ঘরের দুয়ারে এসে দাঁড়ালেন মা হাসিনা বেগম। বললেন, ‘শরীরটা ভালো না। আজ ১৬ বছর হচ্ছে ছেইলি আমার চইলি গেছে। ব্যাটা আর বাড়িতে আসে না। ছেলেকে দুঃখ–কষ্ট কইরি মানুষ করিছিলাম। সেই ছেলে চইলি গেছে। ঈদে বউ–ছেলে নিয়ে সবাই বাড়ি আসে। আমার ব্যাটা আর আসে না। ঘুমের ভেতর স্বপ্ন দেখি, বাড়ি আসে। একদিন স্বপ্নে দেখি, আমারে ব্যাটা বলছে, মা তোমার শরীর খারাপ। এরপরই চেতন হয়ে যায় (ঘুম ভেঙে যায়)।’
ওই বাড়িতে বসেই মুঠোফোনে কথা হলো মাহাবুবের স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে। তাঁর দুই ছেলে আশিকুজ্জামান ও আশরাফুজ্জামানকে নিয়ে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার দেওয়া ফ্ল্যাটে থাকেন। বড় ছেলে আশিকুজ্জামান (২৭) এখন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ইংরেজিতে অনার্স শেষ করেছেন। এখন চাকরি খুঁজছেন। ছোট ছেলে আশরাফুজ্জামান (২৪) একটি বেসরকারি মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র।
শামীমা আক্তার বললেন, ‘প্রধানমন্ত্রী যা করেছেন, তা ভোলার নয়। এখন একটাই চাওয়া, বড় ছেলের জন্য একটা চাকরি। তার চাকরিটা হলে চিন্তামুক্ত হতে পারতাম। কষ্ট করে ১৬ বছর ধরে ছেলেদের মানুষ করছি।’