দুয়ারে হাজির প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে গতকাল শুক্রবার সারা দিনেও সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৈরী আবহাওয়া মেয়র পদপ্রার্থীদের নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখতে পারেনি। এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে জনসংযোগে ব্যস্ত ছিলেন তাঁরা। সব ভোটারের কাছে অন্তত একবার করে সশরীরে পৌঁছাতে চাইছেন রাঙামাটির মেয়র প্রার্থীরা।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত মেয়র পদপ্রার্থী গঙ্গা মানিক চাকমা গতকাল সকাল থেকে পৌরসভার দেবাশীষ নগর ও কালিন্দীপুর এলাকায় প্রচারণা চালান। প্রবীণদের পায়ে ধরে আশীর্বাদ নেওয়া এবং সমবয়সী ও ছোটদের সঙ্গে করমর্দন করে দোয়া চাওয়ার পাশাপাশি রাঙামাটি শহরকে সুন্দর করার কথা বলেছেন তিনি। গঙ্গা মানিক বলেন, ‘আমি সব ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছি। সবাই খুব সাড়া দিচ্ছেন।’
পৌরসভার উন্নয়নে কীভাবে কাজ করবেন, তা ভোটারদের সামনে তুলে ধরছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরী। সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা ও পৌরসভার সব এলাকায় সমভাবে উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তিনি। গতকাল সকালে শহরের বনরুপা এলাকায় জনসংযোগ করেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকে জনসংযোগে বাড়ি বাড়ি যাওয়াকে গুরুত্ব দিয়ে যাচ্ছি।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান গতকাল আসামবস্তী এলাকায় জনসংযোগ করেন। এর আগে দুই মেয়াদে রাঙামাটি পৌরসভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। তাঁর দায়িত্ব পালনের সময় শহরে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, প্রচারণার সময় তা ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন তিনি। পাশাপাশি নির্বাচিত হলে কীভাবে কাজ করবেন, তাও বলছেন। তিনি বলেন, ‘আমি বাড়ি বাড়ি যাওয়া আর ঘরোয়া বৈঠককে প্রচারণায় গুরুত্ব দিচ্ছি। এতে ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ে।’
বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী শহরতলি ভেদভেদি এলাকায় প্রচারণার সময় গতকাল বলেন, ‘আশা করি ভোটাররা আমাকে আরও একবার সুযোগ দেবেন। গত পাঁচ বছর সরকারি সহযোগিতা ছাড়া রাঙামাটির জন্য অনেক কিছু করেছি। ভবিষ্যতে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে সবার দোয়া চাই।’
বিএনপির বিদ্রোহী প্রার্থী রবিউল আলম পৌরসভার রিজার্ভ বাজার ও পুরানপাড়ায় গতকাল জনসংযোগ করেছেন। প্রচারণার কৌশল নিয়ে তিনি বলেন, ‘আমি শুধু একটি নির্বাচনী অফিস করেছি। তবে প্রত্যেক ভোটারের সঙ্গে অন্তত একবার হাত মেলাতে, তাঁদের দোয়া চাইতে পরিশ্রম করে যাচ্ছি।’
স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে স্বর্ণটিলা বলেন, সভা করা আর মাইক বাজিয়ে প্রচারণার চেয়ে ভোটারদের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শোনাটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
জাতীয় পার্টির প্রার্থী শিবু প্রসাদ মিশ্র মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বাড়ি বাড়ি যাওয়াকে সবচেয়ে ভালো প্রচারণা বলে মনে করি।’