দেশের অভ্যন্তরীণ রুটে দুই মাসের মধ্যে ফ্লাইট চালু হবে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে তারা এ তথ্য জানায়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা ছিল। আমি মন্ত্রী থাকা অবস্থায় এ বিষয়ে কাজ শুরু হয়। কিন্তু নানা সমস্যার কারণে চালু করা সম্ভব হয়নি। এখন বিমান বলছে, দুই মাসের মধ্যে চালু হবে। এজন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মূলত ছোট উড়োজাহাজ না পাওয়ায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা যাচ্ছে না। কমিটি বিমানকে কিনে হোক বা লিজ নিয়ে হোক, ছোট উড়োজাহাজ সংগ্রহ করতে বলেছে।’
বৈঠক সূত্র জানায়, ২০১১ সালে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ রুট হিসেবে চট্টগ্রাম ও সিলেটে যাত্রী আনা-নেওয়া করা হয়।
বৈঠকে লোকসানে থাকা ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটের জন্য বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিলকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে বিমান। তবে কমিটি তা আমলে নেয়নি।
ফারুক খান বলেন, এ বিষয়ে বিমানের বক্তব্য দুঃখজনক। একটি রুটের জন্য একজন কর্মকর্তা দায়ী থাকতে পারেন না। এ দায় পুরো সংস্থার।
বিমান কর্মকর্তারা কমিটিকে জানান, সাত বছর বন্ধ থাকার পর গত ৩১ মার্চ থেকে রোম হয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফ্লাইট চালু করে বিমান। এ রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট চলছে। চালু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে এ রুটে ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা। এ হিসেবে গত ২১ সপ্তাহে এ রুটে ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ টাকা।
ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তাজুল ইসলাম চৌধুরী, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান ও আফতাব উদ্দীন সরকার অংশ নেন।