দূতাবাস পরিচালনায় নতুন নীতিমালা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে বাংলাদেশের মিশনগুলো পরিচালনা কীভাবে হবে, সে জন্য একটি কার্যপ্রণালী বিধি (এসওপি) হবে। এ ছাড়া বিদেশে অবস্থানের সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কীভাবে প্রটোকল দেওয়া হবে সে জন্য একটি নীতিমালা তৈরি করা হবে।

বাংলাদেশের দূতাবাসগুলোর কার্যক্রমে সমন্বয় বাড়ানোর বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বৈঠকে অন্যদের মধ্যে সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রণালয়ের বিরুদ্ধে অন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আনা হলেও সেগুলো লিখিতভাবে দেওয়া হয়নি।

তবে ওই আলোচনার আগে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আরেকটি সভা করেন। আর পররাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন বেলা ১২টার বৈঠকে। সকালের বৈঠকে প্রসঙ্গ টেনে পররাষ্ট্রসচিব বলেন, তাঁকে সকালের বৈঠকে ডাকলে ভালো হতো। তাহলে সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা হতো। এ সময় তাঁকে জানানো হয়, তিনি বিব্রত হবেন, এটা ভেবে তাঁকে ডাকা হয়নি। এ সময় তিনি মন্তব্য করেন, বিব্রত হওয়ার তো কিছু নেই। মিশনে সমস্যা থাকলে তা নিয়ে সবাই মিলে আলোচনা করলেই ভালো।

সকালে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনায় সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। বৈঠক সূত্রে জানা গেছে, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বলেন, বিদেশে বাংলাদেশের মিশনকে একটি অভিন্ন সত্তা হিসেবে কাজ করতে হবে। সে ক্ষেত্রে একে যাতে অন্যকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা না করে। তাই হাইকমিশন বা দূতাবাস কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোতে জোর দেওয়া উচিত।

বৈঠকে দুপুরের বৈঠকে উপস্থিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, দূতাবাসের গাড়ি ব্যবহার, প্রটোকলের দায়িত্ব পালন, অন্য ক্যাডারের কর্মকর্তাদের আর্থিক বিষয়ে স্বাধীনতা অর্থাৎ একটি পরিবর্তে দুইটি ব্যাংক হিসাব খোলা, হাইকমিশনার বা রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নির্বাচন, কোনো কোনো রাষ্ট্রদূতদের সহধর্মিণীর অযাচিত আচরণে মিশনের পরিবেশ নষ্ট হওয়া, জাতীয় দিবস সহ বিদেশে বড় অনুষ্ঠান উদ্যাপনের ক্ষেত্রে কোনো কোনো সময় সেখানে অবস্থানরত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহে রাষ্ট্রদূতের চাপ, ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশে সম্প্রতি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কারণে চরমভাবে হেনস্তা হওয়ার মতো বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

জানা গেছে, দূতাবাসে ব্যাংক হিসাব প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বৈঠকে বলেন, রাষ্ট্রের আর্থিক বিধিবিধান অনুযায়ী কোনো মিশনে শুধু একটি ব্যাংক হিসাব খোলা যায়। এখানে দ্বিতীয় হিসাব খোলার সুযোগ নেই।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়ার বিষয়ে পররাষ্ট্রসচিব কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের প্রসঙ্গ টানেন। তিনি জানান, পররাষ্ট্র এবং অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সমান মর্যাদার হলে প্রথমজনই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হবেন। তা না হলে অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মর্যাদা ও জ্যেষ্ঠতায় এগিয়ে থাকলে দায়িত্বটি তিনিই পাবেন।

দূতাবাসের গাড়ি ব্যবহার নিয়ে অন্য ক্যাডারদের অভিযোগ নিয়ে পররাষ্ট্রসচিব বৈঠকে জানান, বিদেশে ভিভিআইপি সফরের সময় কখনো কখনো অতিরিক্ত গাড়ির প্রয়োজন হয়। বিভিন্ন সময় দেখা গেছে, কূটনৈতিক শাখা বাদে অন্য শাখার কর্মকর্তাদের গাড়িগুলো এ সময় ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। এরপর মন্ত্রিপরিষদ সচিব ভিভিআইপি সফরের সময় প্রয়োজনে বিভিন্ন শাখার গাড়িগুলো সরকারি কাজে ব্যবহারের পক্ষে মত দেন। প্রটোকলের দায়িত্ব প্রসঙ্গে অন্য ক্যাডারগুলোর অভিযোগ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, দূতাবাসগুলোতে কর্মরত সব কর্মকর্তাকেই এ দায়িত্ব পালন করতে হবে। এ প্রসঙ্গে তিনি পররাষ্ট্রসচিবকে প্রটোকল নিয়ে একটি নীতিমালার খসড়া তৈরির অনুরোধ করেন। এ সময় পররাষ্ট্রসচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় খসড়াটি করবে, তবে এটি মন্ত্রিপরিষদ বিভাগ এটি চূড়ান্ত করলে ভালো হয়।

দূতাবাসে রাষ্ট্রদূতদের সহধর্মিণীদের অযাচিত আচরণের প্রসঙ্গ এলে পররাষ্ট্রসচিব তাদের নাম জানতে চাইলে অন্য ক্যাডারের কর্মকর্তারা কোনো নাম বলেনি। তবে রাষ্ট্রদূতদের সহধর্মিণীদের অহেতুক নাক গলানো বন্ধের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব পররাষ্ট্রসচিবের সহযোগিতা চান। এ ব্যাপারে পররাষ্ট্রসচিব যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।