দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে দুজন বিদেশি নাগরিক খুন হওয়ার ঘটনায় দূতাবাসগুলো বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তাদের রেড অ্যালার্ট জারি বাড়াবাড়ি এবং এটা ভুল।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদানকালে এ মন্তব্য করেন আবদুল মুহিত।
প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশই হয়নি। আমেরিকায় প্রতিবছর অনেক বেশি মানুষ মারা যায়। তাদের মধ্যে অনেক বাঙালিও থাকে। যখন আমেরিকায় বাঙালি হত্যার ঘটনা ঘটে, তখন তারা কোথায় থাকে?’
দুই বিদেশি হত্যাকাণ্ডের কারণে পোশাক খাতে বিদেশিরা বিমুখ হচ্ছে—এমন কথা নিয়ে সাংবাদিকেরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা টেম্পোরারি ডিফিকাল্টি। এটা হতে পারে না। এ বিষয়টাকে ইস্যু করা হচ্ছে। দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে তার প্রভাব গার্মেন্টস সেক্টর বা অর্থনীতিতে পড়বে।’
অর্থ বরাদ্দে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ বরাদ্দের ক্ষেত্রে আইএমএফ শর্ত দিতেই পারে। তবে আমাদের শর্তও তাদের মানতে হবে। আইএমএফ বাংলাদেশের জন্য প্রায় ২৬ কোটি মার্কিন ডলার ছাড়ের সঙ্গে যে সংস্কার কর্মসূচি চালিয়ে যেতে সুপারিশ করেছে, তা বাংলাদেশ পূরণ করেছে।’
এদিকে গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত হয় এক সুধী সমাবেশ। সেখানে অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। গণগ্রন্থাগারের ট্রাস্টি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবস্ত্রী রায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মখন মিয়া প্রমুখ বক্তব্য দেন।