দূতাবাসগুলোর হয়রানির বিষয়ে তথ্য নিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রবাসীরা বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনগুলোতে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পান না—এমন অভিযোগ অনেক পুরোনো। তবে নতুন খবর হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজেই এবার এসব অভিযোগের খবর নিচ্ছেন।
গতকাল বুধবার রাত ১টা ৯ মিনিটে নিজের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে শাহরিয়ার আলম লিখেন, ‘বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাস বা হাইকমিশনে অফিস সময়ের মধ্যে ফোন করে পাননি বা কাঙ্ক্ষিত সেবা পাননি, এ ধরনের সুনির্দিষ্ট (তারিখ, সেবার ধরন এবং সম্ভব হলে যে ব্যক্তির সঙ্গে আপনার কথা হয়েছে তা সহ) অভিযোগ থাকলে তা আমাকে [email protected]তে ই–মেইল করে বা ইনবক্স করে দয়া করে জানান।’
প্রতিমন্ত্রীর এই স্ট্যাটাসটি ১৭৫১ বার শেয়ার হয়েছে। মন্তব্য পড়েছে কয়েক শ। এসবের পরিপ্রেক্ষিতে আরেক স্ট্যাটাসে শাহরিয়ার আলম লিখেছেন, ‘অনেক প্রবাসীর কাছ থেকে মেসেজ পেয়েছি। অনেক ব্যস্ততার মধ্যেও কিছু উত্তর দিয়েছি। বেশির ভাগই সংশ্লিষ্ট মিশনে পাঠিয়েছি। যেসব ক্ষেত্রে প্রযোজ্য, সেসব ক্ষেত্রে মিশন অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবে। টেলিফোন না ধরা একটা বড় সমস্যা। প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হচ্ছে। একজনকে শাস্তিমূলক বদলিও করা হয়েছে। চেষ্টা অব্যাহত থাকবে পরিস্থিতির উন্নতি করার। দোয়া করবেন। সবাইকে অনুরোধ করব, এক ই–মেইলেই ([email protected]) সম্পূর্ণ তথ্য দেওয়ার এবং আপনাদের সঙ্গে যোগাযোগের টেলিফোন নম্বরটা দেওয়ার। আমাদের কাজটা দ্রুত এবং সহজ হবে।’
প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মুকুল হায়দার নামে একজন লিখেছেন, ‘ফাঁকিবাজ সরকারি কর্মকর্তারা এবার ঠেলা সামলাও। মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।’
মোহাম্মদ বিল্লাল নামের একজন পাসপোর্ট নিয়ে হয়রানির কথা লিখে বলেছেন, ‘মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ, আপনি আমাদের কথাগুলো শোনার জন্য।’
সৈয়দ মাহবুবুল আলম লিখেছেন, ‘সরকারের মন্ত্রীরা যদি এভাবে মানুষের অভিযোগ আর পরামর্শগুলো খতিয়ে দেখেন, তবে দেশ আরও দ্রুত পাল্টে যাবে। আপনার এ উদ্যোগ প্রশংসনীয়।’