দূতাবাসে কর্মকর্তাদের অনিয়মে সরকারের ক্ষতি ৩ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে নানান অনিয়ম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবৈধ সুযোগ-সুবিধা গ্রহণ করায় ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে সরকারের ৩ কোটি ২১ লাখ ৯১ হাজার টাকার ক্ষতি হয়েছে। সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি সুবিধাভোগী ও ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে এই টাকা আদায় করতে বলেছে।
গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে। কুয়ালালামপুর, মালে, ইয়াঙ্গুন, মানামা, দোহা, থিম্পু, ব্রাসেলস, লন্ডন, তাসখন্দ, হংকং, টোকিও, জেদ্দা, মাদ্রিদ, বেইজিং, কলম্বো, লস অ্যাঞ্জেলেস, প্যারিস, অটোয়াসহ আরও কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাস ও মিশনে এসব অনিয়ম হয়েছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিরীক্ষা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন ধরনের ভাতা ডলারের পরিবর্তনে ইউরোতে গ্রহণ, অতিরিক্ত বিমানভাড়া ও ভ্রমণভাতা গ্রহণ, অননুমোদিত শিক্ষাভাতা গ্রহণ, ব্যক্তিগত গাড়ির পরিবহন খরচ গ্রহণ ও অননুমোদিত বদলির সুবিধা গ্রহণ করাসহ অন্যান্য অনিয়মের কারণে সরকারের এই আর্থিক ক্ষতি হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন দূতাবাসে নিরীক্ষা আপত্তির সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৭ কোটি টাকার বেশি। এর মধ্যে কিছু আপত্তি নিষ্পত্তিযোগ্য বলে নিরীক্ষা বিভাগ মত দিয়েছে। তবে নিরীক্ষা বিভাগের মতে, ক্ষতির টাকা আদায়যোগ্য এমন কয়েকটি আপত্তিকে গতকাল সংসদীয় কমিটি নিষ্পত্তি করতে বলেছে। এর সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৪ কোটি ১ লাখ টাকা।
জানতে চাইলে কমিটির সদস্য আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দূতাবাসে কিছু অনিয়ম হয়েছে। কমিটি এসব বিষয়ে নিরীক্ষা বিভাগের প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নিতে বলেছে। অর্থ মন্ত্রণালয় ও নিরীক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।