দূতিয়ালি ছাড়াই সমাধান সম্ভব: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, চলমান রাজনৈতিক সংকট সরকার ও বিরোধী দল বসেই সমাধান করতে পারবে। এতে ‘দূতিয়ালির’ প্রয়োজন হবে না। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় হানিফ বলেন, ‘আমরা এটুকু আশ্বস্ত করতে চাই, সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংকট সৃষ্টি হলেও এ দুই দল বসেই সমাধান করতে পারবে। এ ক্ষেত্রে কোনো দূতিয়ালির খুব বেশি প্রয়োজন হবে বলে আমি মনে করি না। দেশবাসীও সেটা বিশ্বাস করে না।’

হানিফ বলেন, ‘নির্বাচন এলে দেশে নানা সংকট সৃষ্টি হয়। নতুন নতুন ব্যক্তির আবির্ভাব ঘটে। অনেক ফর্মুলা তৈরি হয়। অতীতেও তা আমরা দেখেছি। এখনো আবার দেখছি, অনেকে সংকট সমাধানের বাক্স খুলে বসেছেন। অনেকেই বলছেন, আমার কাছে এলে আমি সব সমস্যার সমাধান করে দিতে পারব।’

সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আন্দোলনের নামে গণতন্ত্র ধ্বংস করবেন না। দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর চেষ্টা করবেন না। আমরা রাজনৈতিক সমঝোতা করতে চাই। কিন্তু দেয়ালটা আপনারা তুলেছেন ১৫ আগস্টে বানোয়াট জন্মদিন পালন করে।’

দুই নেত্রীকে একসঙ্গে সংলাপে বসার বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘আমরা বিভাজনের দেয়াল ওঠাতে চাই না। সমঝোতার সেতু তৈরি করতে চাই। সরকার কখনো বলেনি আলোচনায় বসবে না। আপনারাই সংলাপ চান না।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ।