দূর-দূরান্তের লোকজনের ঠিকানাও এখন শাহবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় আবুল কাশেমের বয়স ছিল ১৬। ওই বয়সেই তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। এখন তাঁর বয়স ৬০ ছুঁই-ছুঁই। সেই কুষ্টিয়া থেকে তিনি ছুটে এসেছেন শাহবাগের প্রজন্ম চত্বরে।গতকাল বুধবার বিকেলে শাহবাগের মূল মঞ্চের ভিড় এড়িয়ে বেশ কিছুটা দূরে স্লোগানে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। আলাপ করতে চাইলে আবেগ-উচ্ছ্বাস এবং কান্নার মিশ্রণে এই বৃদ্ধ বলেন, ‘৭১-এ সরাসরি মুক্তিযুদ্ধ করেছি। আজ তরুণ প্রজন্ম শাহবাগে যে আন্দোলন শুরু করেছে, এটিও তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ। তাই বৃহস্পতিবার বন্ধু মোশাররফকে নিয়ে এখানে চলে এসেছি। ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছি। রাতে বাসায় ফিরি। সারা দিন তরুণদের নানা কাজকর্ম দেখে মুগ্ধ হই।’গাজীপুর থেকে এসেছেন আবু তালেব, বয়স সত্তরের কাছাকাছি। মঙ্গলবার ভোররাতে তাঁর সঙ্গে কথা হয় মূল মঞ্চের পাশে। আবু তালেব জানালেন, যুদ্ধ করেছেন চুয়াডাঙ্গার দর্শনায়। গাজীপুরেই থাকেন। টিভি-পত্রিকায় এই আন্দোলনের খবর দেখে ছুটে এসেছেন। বুধবার থেকে তিনি এখানে থাকছেন। লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছেন। এখানেই ঘুমাচ্ছেন।গতকাল ছিল আন্দোলনের নবম দিন। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন নানা শ্রেণী-পেশার মানুষ আসছেন শাহবাগে। অনেকে দীর্ঘ সময় থাকছেন। অনেকে আবার কিছুক্ষণ থেকেই চলে যাচ্ছেন। তবে তাঁরা প্রত্যেকেই এই আন্দোলনের সঙ্গে নিজেদের পুরোপুরি একাত্ম ঘোষণা করেছেন।ময়মনসিংহের ত্রিশাল থেকে নয় বন্ধু একসঙ্গে এসেছেন। ওই দলের গোলাম মোস্তফা, হারুন আল রশিদ ও জাহিদুর রহমানের সঙ্গে মঙ্গলবার গভীর রাতে কথা হয় প্রজন্ম চত্বরের কাছে। তাঁরা জানালেন, শাহবাগের আন্দোলনের স্লোগান টিভিতে দেখে, ‘তুই রাজাকার তুই রাজাকার’ শুনে নয় বন্ধু মিলে ঠিক করেন শাহবাগে আসবেন। সকালে একটি মাইক্রো ভাড়া করে চলে এসেছেন।ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে এই আন্দোলনে যোগ দিতে ঢাকায় এসেছেন ২৮ বছরের যুবক মিনহাজুল আবেদিন। বেলা তিনটায় তিনি প্রথম আলোকে বলেন, ‘কী যে শান্তি লাগছে, বলে বোঝাতে পারব না।’সিলেট থেকে আসা একটি বেসরকারি কলেজের শিক্ষক তমিজউদ্দিন বলেন, ‘ঢাকায় একটা কাজে এসেছিলাম। হঠাৎ মনে হলো শাহবাগে যাই। দেখে গেলাম তরুণদের আন্দোলন।’ইমতিয়াজুর রহমান বরিশাল ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন। বাড়ি চট্টগ্রামে। তিনিও এসেছেন এই আন্দোলনে। ইমতিয়াজ জানান, তাঁরা বিভিন্ন ক্যাডেট কলেজের বন্ধুবান্ধব একসঙ্গে এসেছেন।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়ুয়া একদল ছাত্রও গতকাল এসেছিলেন শাহবাগে। সোহেল রানা, হাবিবুর রহমান, কাজী শাহেদসহ কয়েকজন জানালেন, তাঁরা ভেবেছিলেন কুমিল্লায় থেকেই এই আন্দোলন করবেন। কিন্তু পরে তাঁদের মনে হলো, ঢাকায় না গেলে মূল স্লোগানের স্বাদ পাবেন না। তাই ঢাকায় চলে এসেছেন।এ ছাড়া মাদারীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, রংপুর থেকেও আসা অনেকের সঙ্গে কথা হয়। এর বাইরেও দেশের বিভিন্ন জেলার লোকজন আসছেন শাহবাগে। আন্দোলনের আয়োজকদের একজন, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে অনেক মুক্তিযোদ্ধা এসে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। এই মুক্তিযোদ্ধারাই আমাদের দেশ স্বাধীন করেছেন। তাঁদের স্বপ্নকে সত্য করতেই আমাদের এই আন্দোলন। এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এসে আমাদের এই আন্দোলনে যোগ দিচ্ছে। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। আমরা চাই, দেশের প্রতিটি প্রান্তরে এমন আন্দোলন হোক।’