দূর হলো জেলেপাড়ার অন্ধকার
দূর হয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলার শাহাপুর জেলেপাড়া গ্রামের অন্ধকার। স্বাধীনতার ৪৪ বছর পর বৈদ্যুতিক আলোর ঝলকানিতে আলোকিত হয়েছে ওই গ্রামের ২৩৪টি বাড়ি। হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. শওকত হোসেন গত শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ওই গ্রামে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন।
জেলেপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই গ্রামের পাশে অবস্থিত বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক অখিল চন্দ্র, সোনালী ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক জিয়াউল ইসলাম, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক শওকত হোসেন, দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক প্রমুখ।
ওই গ্রামের জেলে আবদুল কাদের (৫০) বলেন, ‘আমাদের গ্রামের চারপাশে বিদ্যুৎ ছিল। কিন্তু সেই বিদ্যুৎ পেতে আমাদের স্বাধীনতার পর ৪৪ বছর অপেক্ষা করতে হলো। জেলে হওয়ায় আমরা ছিলাম অবহেলিত। তবু খুশি যে যুগ যুগ ধরে অন্ধকারে কাটানোর পর শেষ জীবনে অন্তত বিদ্যুতের আলো পেলাম।’
অনুষ্ঠানে বিচারপতি মো. শওকত হোসেন বলেন, দেশ পরিচালনায় সরকারের বলিষ্ঠ পদক্ষেপের কারণে অনেক সমস্যা দূর হয়েছে। তাই দেশ আজ এগিয়ে যাচ্ছে। ধাবিত হচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। এর একমাত্র চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ।