দূরত্ব অনুযায়ী বাস ভাড়ার দাবিতে স্মারকলিপি
নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা, পাগলা ও পোস্তগোলা হয়ে ঢাকা এবং নারায়ণগঞ্জ শহর থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় পর্যন্ত স্টপেজের দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ ও ন্যূনতম ভাড়া পাঁচ টাকা করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুরে ফোরামের প্রতিনিধিরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জের আঞ্চলিক সহকারী পরিচালকের (ইঞ্জিন) কাছে স্মারকলিপি পেশ করে এ দাবি জানান। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, আওয়ামী লীগের নেতা রোকনউদ্দিন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা সিপিবির সভাপতি জিয়া হায়দার প্রমুখ।স্মারকলিপিতে বলা হয়, ঢাকা মহানগরের পার্শ্ববর্তী জেলায় আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষের (আরটিসি) ইস্যু করা রুট পারমিট অনুযায়ী বাস ও মিনিবাসের উভয় ক্ষেত্রে ভাড়ার হার হবে এক টাকা ৪৫ পয়সা। এখানে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা ও দূরত্ব অনুযায়ী কিলোমিটারপ্রতি এক টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হলেও নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা রুটে ও নারায়ণগঞ্জ থেকে চিটাগাং রোডে বাস মালিক কর্তৃপক্ষ সর্বনিম্ন ভাড়া সাত ও ১০ টাকাসহ অতিরিক্তভাবে ভাড়া আদায় করছে।এ দুটি রুটে অনেক স্টপেজ রয়েছে। স্টপেজের দূরত্ব অনুসারে ভাড়া সুনির্দিষ্ট না করার সুযোগে পরিবহন মালিকেরা ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছে। স্মারকলিপিতে ফোরামের পক্ষ থেকে অবিলম্বে এ দুটি রুটে স্টপেজ থেকে স্টপেজ ভাড়া নির্ধারণ এবং সর্বনিম্ন ভাড়াসংবলিত তালিকা বিভিন্ন কাউন্টারে সেঁটে দেওয়ার দাবি জানান।স্মারকলিপি দেওয়ার পর তাঁরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলমের সঙ্গে দেখা করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির বাস চালু হলে সে বিষয়ে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন।