মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে ঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তরের ফলে নৌপথে মুন্সিগঞ্জের শিমুলিয়ার দূরত্ব কমেছে ছয় কিলোমিটারের বেশি। নদী পাড়ি দিতে সময়ও কমেছে। কিন্তু এই নৌপথে চলাচল করা সরকারি-বেসরকারি নৌযানের ভাড়া কমেনি।
অথচ ঘাট স্থানান্তরের কারণে সড়কপথে প্রায় সাড়ে নয় কিলোমিটার পথ বেশি পাড়ি দিতে হওয়ায় পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত ছাড়াই দক্ষিণাঞ্চলগামী বাসের ভাড়া বাড়ানো হয়েছে। অর্থাৎ নৌপথে দূরত্ব কমার সুফল যাত্রীরা না পেলেও সড়কপথের দূরত্ব বৃদ্ধির মাশুল তাঁদের গুনতে হচ্ছে ঠিকই।
এই নৌপথে লঞ্চে এমনিতেই ভাড়া সরকারনির্ধারিত হারের দ্বিগুণ। আর স্পিডবোট চলাচল ও ভাড়া আদায়ে কারও নিয়ন্ত্রণই নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র বলেছে, রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম নৌপথ শিমুলিয়া-কাঁঠালবাড়ি। আগে ছিল মাওয়া-কাওড়াকান্দি। পদ্মা সেতুর নির্মাণকাজ শুরুর আগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া থেকে ঘাট শিমুলিয়ায় স্থানান্তর করা হয়। তখন এই নৌপথের দূরত্ব ছিল প্রায় ১৩ কিলোমিটার। কাওড়াকান্দি থেকে ঘাট কাঁঠালবাড়িতে নেওয়া হয় গত ১৫ জানুয়ারি। কাঁঠালবাড়িতে ২৪ একর জায়গায় ১৫ কোটি টাকা ব্যয়ে দুটি যাত্রীছাউনি, তিনটি পার্কিং ইয়ার্ড, তিনটি ফেরিঘাট, তিনটি লঞ্চঘাট, একটি স্পিডবোট ঘাট ও পুলিশ ব্যারাক নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। এই ঘাট চালু হওয়ায় শিমুলিয়া থেকে নৌপথের দূরত্ব কমেছে ৬ দশমিক ১৬ কিলোমিটার। পদ্মা নদী পারাপারে সময় কমেছে ৩০ থেকে ৪০ মিনিট।
ঘাটটির নাম দেওয়া হয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাট। সাবেক সাংসদ ইলিয়াস আহমেদ চৌধুরী স্থানীয় সাংসদ নূর এ আলম চৌধুরী লিটন ও পাশের ফরিদপুর-৫ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বাবা।
এই নৌপথে ফেরি পরিচালনা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। দূরত্ব কমলেও ফেরিভাড়া আগের মতোই বড় বাস ২ হাজার ১০ টাকা ও ছোট বাস ১ হাজার ৫২০, ট্রাক ১ হাজার ৮৫০ ও মিনি ট্রাক ১ হাজার ৪৫০, মাইক্রোবাস ৮৬০, প্রাইভেট কার ৫০০ টাকা, পিকআপ ৮০০ থেকে বড় পিকআপ ১ হাজার ৮০ টাকা। এই পথে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোটগুলো বেসরকারি মালিকানাধীন। লঞ্চ ও স্পিডবোটেও ভাড়া নেওয়া হচ্ছে আগের মতোই, যথাক্রমে জনপ্রতি ৩৫ ও ১৫০ টাকা।
বিআইডব্লিউটিএর একটি সূত্র বলেছে, কাঁঠালবাড়ি ঘাট উদ্বোধনের দিনেই বলা হয়েছে, দূরত্ব কমলেও ফেরির ভাড়া কমবে না।
বিআইডব্লিউটিএর ভাড়া উন্নয়ন শাখার উপপরিচালক আবু বকর সিদ্দক বলেন, দূরত্ব অনুযায়ী শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত লঞ্চের ভাড়া নির্ধারিত রয়েছে সর্বনিম্ন ১৮ টাকা।
গত ২৪ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, লঞ্চে ভাড়া নেওয়া হচ্ছে ৩৫ টাকা। স্পিডবোটে ১৫০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ সূত্র বলেছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি পথে ৮৭টি লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। প্রতিদিন চলে ৭০ থেকে ৭৫টি। প্রতিটি লঞ্চ তিনটি ট্রিপ দেয়।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বি এম আতাউর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, লঞ্চের ডেকে ভাড়া নির্ধারিত রয়েছে ২৯ টাকা, ওপরে ৪৯ টাকা। তাই গড়ে ৩৫ টাকা ভাড়া নেওয়া হয়।
কাঁঠালবাড়ি ঘাটের স্পিডবোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, কাঁঠালবাড়িতে ঘাট স্থানান্তরিত হওয়ায় দূরত্ব কিছু কমেছে। তবে ভাড়া আগের মতোই নেওয়া হচ্ছে। ভাড়া কমানোর পরিকল্পনা এখনো নেই।
বিআইডব্লিউটিএর ভাড়া উন্নয়ন শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এই পথে স্পিডবোটের জন্য কখনো ভাড়া নির্ধারিতই হয়নি।
বেড়েছে বাসভাড়া
কাঁঠালবাড়ি ঘাটে যানবাহন যাতায়াতের জন্য পদ্মা সেতুর আট কিলোমিটার সংযোগ সড়ক ব্যবহার করতে হচ্ছে। এই সংযোগ সড়ক ৮ জানুয়ারি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই সংযোগ সড়ক থেকে কাঁঠালবাড়ি ঘাটে যানবাহন চলাচলের জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার করে দুটি সড়ক নির্মাণ করেছে সেতু বিভাগ। এর একটি দিয়ে যানবাহন ফেরিঘাটে যায়, আরেকটি দিয়ে ফেরিঘাট থেকে সংযোগ সড়কে যায়।
দক্ষিণাঞ্চলে যাত্রী পরিবহনকারী বাসের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কাওড়াকান্দি থেকে ঘাটটি কাঁঠালবাড়িতে সরানোয় পরিবহনগুলোকে অতিরিক্ত সাড়ে নয় কিলোমিটার চলতে হচ্ছে। এই কারণ দেখিয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী পরিবহনগুলোতে ইতিমধ্যে ভাড়া বাড়ানো হয়েছে। কাওড়াকান্দি ঘাট থেকে খানজাহান আলী পরিবহনে নড়াইলের ভাড়া ছিল ১৫০ টাকা, এখন কাঁঠালবাড়ি থেকে নড়াইল পর্যন্ত নেওয়া হচ্ছে ১৭০ টাকা। সেতু পরিবহনে খুলনা পর্যন্ত ভাড়া ছিল ২০০ টাকা, এখন নেওয়া হচ্ছে ২২০ টাকা। তবে পরিবহন মালিক সমিতি এখনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্তই নেয়নি।
কাঁঠালবাড়ি ঘাটে কথা হয় খানজাহান আলী পরিবহনের যাত্রী সেলিম মিয়ার সঙ্গে। তিনি বলেন, নৌপথে দূরত্ব কমেছে, কিন্তু ভাড়া কমানো হয়নি। অথচ সড়কপথে ভাড়া ঠিকই বাড়ানো হয়েছে। পরিবহনের মালিক-শ্রমিকদের আধিপত্য থাকার কারণে তাঁরা তাঁদের খেয়ালখুশিমতো ভাড়া নিচ্ছেন।
সেতু পরিবহনের যাত্রী খুলনা শিপইয়ার্ড এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, বাসে যেভাবে ভাড়া বাড়ানো হয়েছে, সেভাবে নৌপরিবহনের ভাড়া কমানো উচিত। কিন্তু নৌপথে ভাড়া কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
কাঁঠালবাড়ি ঘাটের পরিবহন নিয়ন্ত্রণ করে শিবচর বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু খলিফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘাট সরিয়ে আনার কারণে পথ বেড়েছে। মালিক ও শ্রমিকেরা ভাড়া বাড়ানোর জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করছেন। শিগগিরই সভা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই যদি কেউ বেশি ভাড়া নেন, তাহলে নিজ দায়িত্বে নিচ্ছেন। বিষয়টি সমিতির জানা নেই।