দূরত্ব ঘুচিয়ে আলোর পথে

বিদ্যালয় থেকে কারও বাড়ি ৭ কিলোমিটার দূরে। কারও বাড়ির দূরত্ব ১০ কিলোমিটার। তবে জ্ঞান অর্জনের পথে বাধা হতে পারেনি এ দূরত্ব। চরটেকি বালিকা উচ্চবিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থী সাইকেল চালিয়ে পড়াশোনা করতে আসে।
কিশোরগঞ্জ জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে গড়ে উঠেছে চরটেকি বালিকা উচ্চবিদ্যালয়। ৫০০ ছাত্রীর মধ্যে ৪০০ জনই সাইকেলে আসে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যে এলাকায় কিছুদিন আগেও মেয়েরা বোরকা ছাড়া বাড়ির বাইরে বের হতো না, সেখানে আজ চরের দুর্গম পথ পাড়ি দিয়ে স্কুলে আসছে শত শত মেয়ে। রাস্তায় বখাটেদের উৎপাত ঠেকাতে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নিচ্ছে আত্মরক্ষামূলক জুডো-কারাতে প্রশিক্ষণ। তারা সমাজে ও শিক্ষাক্ষেত্রে নীরব বিপ্লব ঘটিয়েছে। আর মেয়েদের শিক্ষিত হওয়ার এ লড়াই-সংগ্রামে উৎসাহ দিয়ে চলছে চরটেকি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি।
দশম শ্রেণির শিক্ষার্থী আনিকা মার্জান ও মাহজাবিন রহমান বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কিন্তু জীবনে কিছু পেতে হলে কিছু বাধা অতিক্রম করতে হয়। বাড়ি দূরে হওয়ায় তারা সাইকেলে বিদ্যালয়ে আসছে। আর নিজেদের আত্মরক্ষার জন্য জুডো-কারাতে প্রশিক্ষণ নিচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক বলেন, ১৯৯৩ সালে এ বিদ্যালয়ের পথচলা শুরু হয় মাত্র ৪৭ জন ছাত্রী নিয়ে। ২০০২ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে মোট ৫২৫ জন ছাত্রী ও ১৯ জন শিক্ষক রয়েছেন। এ বছর বিদ্যালয় থেকে ৭২ জন ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়েছে। পাসের হার শতভাগ।
প্রধান শিক্ষক আরও বলেন, উপজেলার সুখিয়া ও চরফরাদী ইউনিয়নের ছয়শির, হরশি, তারাকান্দি, জাঙ্গালিয়া, দক্ষিণ চরটেকি, উত্তর চরটেকি, মির্জাপুর, গাদারচর, কাজিহাটিসহ বেশ কয়েকটি গ্রামের মেয়েরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে। এ জনপদের অধিকাংশ রাস্তাঘাট কাঁচা। তারপরও শীত-বর্ষা সব সময় ছাত্রীদের উপস্থিতি ৯০ শতাংশের ওপরে থাকে। জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার বিদ্যালয়টি প্রথম হয়েছে।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাবিয়া সুলতানা ও উম্মে তায়েবা বলে, তাদের বাড়ি বিদ্যালয় থেকে বেশ দূরে। যখন বৃষ্টি থাকে তখনো কাদা পথ মাড়িয়ে তারা বিদ্যালয়ে আসে। সমাজে একসময় মেয়েদের সাইকেল চালানো ভালোভাবে নেওয়া হতো না। কিন্তু তারা এখন আস্তে আস্তে সে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। অভিভাবকেরাও সচেতন হয়ে তাদের সাইকেল চালানোর অনুমতি দিচ্ছেন।
বিদ্যালয়ের অভিভাবক জরিনা বেগম ও আজিজুল ইসলাম বলেন, প্রথমে মেয়েদের সাইকেল দিতে সংকোচ করেছেন। কিন্তু এখন এটা আর দশটা ঘটনার মতো স্বাভাবিক।
শরীরচর্চা শিক্ষক মো. ইলিয়াস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের আন্তরিক ইচ্ছা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পরিশ্রমের কারণে বিদ্যালয়টি সমাজের কুসংস্কার উপেক্ষা করে আলোকিত জীবন গড়ছে। গণিতের শিক্ষক আল মাহমুদ বলেন, মাঝে মাঝে বিদ্যালয়ে সমাবেশ ডেকে ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে শত শত বালিকা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে। এই প্রত্যন্ত অঞ্চলের নারীরাও এগিয়ে যাচ্ছে।