দূরত্ব ঘোচানোর চেষ্টায় যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গত ৫ জানুয়ারির নির্বাচন, তৈরি পোশাকশিল্পের শ্রমমান ও গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে সরকারের অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব ঘোচানোর অংশ হিসেবে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল রোববার রাতে ওয়াশিংটন গেছেন।
জানতে চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র গতকাল প্রথম আলোকে বলেছে, রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি কারখানার পরিবেশ ও গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাব রয়েছে। আরও রয়েছে বিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে উদ্বেগ। মূলত এ উদ্বেগগুলো সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে পররাষ্ট্রসচিব যুক্তরাষ্ট্রে গেছেন। এ সফরের পর সরকারের উচ্চপর্যায়ের এক প্রতিনিধির ওয়াশিংটন যাওয়ার পরিকল্পনা রয়েছে।
গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রসচিবের পাঁচ দিনের এ সফরটি হবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের প্রথম কোনো সফর।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গত শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে তাঁর দপ্তরে বলেন, যুক্তরাষ্ট্র সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বৈঠক হবে। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। ওই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল, পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রম দপ্তরসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হবে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে, পররাষ্ট্রসচিবের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের ওয়াশিংটন ফেরা সাপেক্ষে তাঁদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়ায় শান্তি-প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ওয়েন্ডি শারমেন এখন জেনেভায় রয়েছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে ওয়াশিংটনের দেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের অবহিত করবেন পররাষ্ট্রসচিব। এ ছাড়া আগামী ১৫ এপ্রিলের কর্মপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত সময়সীমার আগে অবশিষ্ট শর্ত পূরণে বাংলাদেশের পরিকল্পনা কীভাবে এগোচ্ছে, সেটিও তিনি মার্কিন কর্মকর্তাদের জানাবেন।
জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মার্কিন সিনেটের শুনানিতে রাজনীতি, মানবাধিকার, শ্রমমানসহ বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়গুলো প্রতিফলিত হয়েছে। ওই শুনানির আগেই বাংলাদেশের অবস্থান তুলে ধরতে প্রতিনিধিদল পাঠানো উচিত ছিল। যাহোক, শেষ পর্যন্ত পররাষ্ট্রসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। তবে এ সফর যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে কতটা কার্যকর হবে, তা নিয়ে আমার সংশয় রয়েছে।’
বাংলাদেশের নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, শ্রমমান, গ্রামীণ ব্যাংক ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের ভূমিকায় নেতিবাচক মনোভাব পোষণ করে যুক্তরাষ্ট্র। ১১ ফেব্রুয়ারি মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি সে দেশের সিনেটরদের বক্তব্যেও এমন অভিমত উঠে এসেছে। শুনানিতে গত ৫ জানুয়ারির নির্বাচনকে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার ‘বিশ্বাসযোগ্য প্রতিফলন’ নয় বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার বিরোধিতার পাশাপাশি শুনানিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম ও বিচারবহির্ভূত হত্যার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রমমানের উন্নয়নে বাংলাদেশকে আরও পদক্ষেপ নেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র। আর গ্রামীণ ব্যাংক থেকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অপসারণকে যুক্তরাষ্ট্র ‘নিষ্ঠুর বিদ্রূপ’ হিসেবে অভিহিত করেছে। নানা উদ্বেগ থাকার পরও রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমমানের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যুক্ত থেকেই এ বিষয়গুলোতে চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রস্তাবিত সন্ত্রাসবাদ তহবিল থেকে সহায়তা: তৃণমূল পর্যায়ে সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। ৩০টি দেশের জোট গ্লোবাল কাউন্টার টেররিজম ফোরামের (জিসিটিএফ-বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন ফোরাম) মাধ্যমে ‘গ্লোবাল ফান্ড ফর কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স’ নামের তহবিলটি গঠন করা হবে। সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ দমন ব্যুরোর উপসমন্বয়কারী জাস্টিন সিবেরেল এই প্রতিবেদককে জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় ২৩৩ মিলিয়ন ( ২৩ কোটি ৩০ লাখ) ডলারের তহবিল গঠন করা হবে। দুই বছর পর তহবিলের পরিমাণ বাড়ানো হবে। শুরুতে প্রস্তাবিত তহবিল থেকে কয়েকটি দেশকে তৃণমূল পর্যায়ে সন্ত্রাসবাদ দমনে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী জুনে ওই তহবিলের প্রক্রিয়া বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তহবিলের সমন্বয় কমিটির দ্বিতীয় সভা ২০ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব ওই বৈঠকে তহবিল থেকে বাংলাদেশের সহায়তা পাওয়ার পক্ষে যুক্তিগুলো তুলে ধরবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদ দমন আইনসহ সংশ্লিষ্ট আইন, এ-সংক্রান্ত জাতীয় কমিটির থাকাসহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ সুবিধার নানা শর্ত বাংলাদেশ পূরণ করতে পারে। এসব বিবেচনায় প্রস্তাবিত তহবিল থেকে বাংলাদেশ সহায়তা পেতে যাচ্ছে। আগামী জুনে তহবিল চূড়ান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে বাংলাদেশসহ কয়েকটি দেশকে পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া এ তহবিলের পরিচালনা বোর্ডে বাংলাদেশের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।